১১ নভেম্বর ২০২৬, ১৯:৫৯

এনএসইউতে মাইক্রোবায়োলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন, ২০ বছর পূর্তি উদযাপন

এনএসইউতে মাইক্রোবায়োলজির ২০ বছর উদযাপন ও মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধন  © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আনুষ্ঠানিকভাবে মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধন ও একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে মাইক্রোবায়োলজির পথচলার ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এর ফলে পূর্ববর্তী বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পৃথক হয়ে মাইক্রোবায়োলজি একটি স্বতন্ত্র একাডেমিক বিভাগ হিসেবে এনএসইউতে প্রতিষ্ঠিত হলো। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়া ও মেইন অডিটোরিয়ামে ‘এনএসইউতে মাইক্রোবায়োলজির ২০ বছর উদযাপন ও মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, এবং মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. নাঈমা বুলবুল।

মাইক্রোবায়োলজি বিভাগের একাডেমিক পথচলা এবং এনএসইউতে মাইক্রোবায়োলজি শিক্ষায় বিভাগের অবদান তুলে ধরে ড. নাঈমা বুলবুল বলেন, “গত ২০ বছরে এনএসইউতে মাইক্রোবায়োলজির অগ্রযাত্রা শিক্ষা ও বিজ্ঞানের বিকাশে আমাদের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। মানসম্মত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এই অর্জিত ভিত্তিকে আমরা আরও এগিয়ে নিতে চাই।”

অধ্যাপক দীপক কুমার মিত্র বলেন, “স্বাস্থ্য ও জীববিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ মাইক্রোবায়োলজি। স্বাস্থ্যসেবা ও বৈজ্ঞানিক গবেষণায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই বিভাগের উদ্বোধনের ফলে এনএসইউতে বিভিন্ন বিষয়ের সমন্বয়ে শিক্ষা ও গবেষণার আরও সুযোগ তৈরি হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার জাতীয় উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ক্লাস করার জায়গা নয়; এটি পারস্পরিক সংযোগ তৈরি এবং ভবিষ্যৎ গড়ার ক্ষেত্র। শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি ও মাটি ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীলতার মতো ব্যবস্থাগুলো পুনর্গঠন ও শক্তিশালী করার যে প্রচেষ্টা চলছে, তাতে দেশের অগ্রযাত্রায় আপনাদের জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” 

বিশেষ অতিথি জনাব আজিজ আল কায়সার বলেন, “মাইক্রোবায়োলজি জ্ঞান ও গবেষণার নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ সৃষ্টি করে। এনএসইউ সব সময় উদ্ভাবনকে উৎসাহিত করা, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। আমরা আশা করি, মাইক্রোবায়োলজি বিভাগ শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের স্বাস্থ্য ও বিজ্ঞান খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিশেষ অতিথি জনাব বেনজীর আহমেদ মানসম্মত উচ্চশিক্ষা ও একাডেমিক বিকাশে এনএসইউর অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, “মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধন এনএসইউর অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাইক্রোবায়োলজির ২০ বছর পূর্তি উদযাপনের এই সময়ে আমরা গবেষণার সুযোগ সম্প্রসারণ, নতুন নতুন বিষয়ের সংযোজন এবং বৈজ্ঞানিক অগ্রগতি ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা করছি।”

সভাপতির বক্তব্যে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী গত দুই দশকে মাইক্রোবায়োলজির অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “গত ২০ বছরে এনএসইউতে মাইক্রোবায়োলজির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী দিনেও এ ধারার অব্যাহত উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। আমরা বিশ্বাস করি, এ বিষয়ে এনএসইউর স্নাতকেরা তাঁদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”

ধন্যবাদ জ্ঞাপনকালে উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতি এবং স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মাইক্রোবায়োলজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনএসইউতে স্বতন্ত্র মাইক্রোবায়োলজি বিভাগের উদ্বোধনের এই উপলক্ষ গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার উৎকর্ষ সাধনে আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে আশা করি। এই আয়োজন সফল করতে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

মাইক্রোবায়োলজি শিক্ষার ২০ বছর পূর্তি উদযাপন ও স্বতন্ত্র বিভাগের উদ্বোধনের মধ্য দিয়ে এনএসইউর একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিফলন ঘটেছে। পাশাপাশি, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাতীয় ও বৈশ্বিক অগ্রাধিকারের ক্ষেত্রে অবদান রাখতে বৈজ্ঞানিক শিক্ষা ও গবেষণার গুরুত্বও উঠে আসে।