১০ নভেম্বর ২০২৬, ১৮:০১

আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২ হাজার ৬৭ শিক্ষার্থী

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন  © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২ হাজার ৬৭ শিক্ষার্থীকে সনদ প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড ডিগ্রি প্রদানের জন্য গ্র্যাজুয়েটদের রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ।

সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, দেশের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধারায় বিভক্ত। শিক্ষার সুযোগ, মান ও অর্জিত দক্ষতার ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। এ পরিস্থিতির গ্রহণযোগ্য সমাধানে বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা জরুরি। একই সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এ অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি কোটি তরুণ প্রাণ। তাদের মেধা, উদ্যম ও উদ্ভাবনী শক্তির ওপর ভিত্তি করেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি নতুন উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, সততা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবর্তন বক্তা অধ্যাপক আইনুন নিশাত বলেন, বিশ্ব ও জ্ঞানের পরিমণ্ডল দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন প্রযুক্তি, কৌশল, পণ্য এবং সমস্যা সমাধানের পদ্ধতি সামনে আসছে। শিক্ষার্থীরা কোর্স সম্পন্ন করলেও শেখার পরিধি শেষ হয়নি। তাই প্রতিনিয়ত নিজেদের জ্ঞান ও দক্ষতা হালনাগাদ করতে হবে।

আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন বলেন, চীন ও ভিয়েতনামের মতো এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশগুলো শিক্ষায় বিপুল বিনিয়োগ করছে। বাংলাদেশ এখনো শিক্ষাখাতে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এ সময় তিনি শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি তা মানুষের কল্যাণে কাজে লাগানোও শিক্ষার্থীদের দায়িত্ব। মানবিকতা ও সহমর্মিতা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না। তিনি গ্র্যাজুয়েটদের যুক্তিবাদী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সমাবর্তনে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও চ্যান্সেলরস গোল্ড মেডেলপ্রাপ্ত মারজান ফেরদৌস তাসবিহ। একই পদক পান ফিন্যান্স বিভাগের নাহিয়ান ইসলাম আসিফ ও মার্কেটিং বিভাগের শাদমান সাকিব হাসান। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি এবং বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে অলরাউন্ডার অ্যাওয়ার্ড পান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকরাম হোসেন আকিফ।

স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য আয়শা শামীম, সামিম রহমান ভূঁইয়া, তাসনুবা তাসনিম আনিতা, হিমেল শর্মা, ইয়াজদি জামান ও মাহমুদা আক্তার মুনিরাকে পুরস্কৃত করা হয়। স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য পুরস্কার পান তাহসিনা মাহতাব অনন্যা, যায়মা জোহরা, রাবিয়াহ বিনতে হোসাইন ও ফাহমিদা চৌধুরী।

এ ছাড়া সহশিক্ষা কার্যক্রমে অবদানের জন্য বিভিন্ন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড পান জান্নাতুল ফেরদৌস মোহনা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পান আবুল কাশেম (আশিকুর রহমান) ও ফারহানা আজিজাহ আরিফ। স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পান নূর জারিন তাসনিম (ব্যাডমিন্টন), হৃদয় দেব (ক্রিকেট), অমিত বিক্রম রায় (দাবা) ও তিভা তাশা (বাস্কেটবল)।

সমাবর্তনের আনুষ্ঠানিকতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জনপ্রিয় মেটাল ব্যান্ড ওয়ারফেজ। এ ছাড়া আইইউবি মিউজিক ক্লাব, আইইউবি ডান্স ক্লাব ও আবৃত্তিলোকের শিল্পীরা পরিবেশনায় অংশ নেন।