০৭ নভেম্বর ২০২৬, ২১:৩৪

ভর্তি কমার আশঙ্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাড়ছে উদ্বেগ

বেসরকারি বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার রেকর্ড পরিমাণ কমেছে। ফেল করেছেন প্রায় অর্ধেক পরীক্ষার্থী। পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। রেকর্ড পরিমাণ পাসের হার কমায় ধাক্কা লাগতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তিতে। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্যে দেখা যায়, এবার মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে মোট আসন সংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। ফলে উচ্চশিক্ষায় অন্তত ৮ লাখ আসন খালি থাকবে।

অন্যদিকে, ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার লাখ ১০ হাজার আসন রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা আরও তীব্র হবে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংকটের পাশাপাশি আর্থিক চাপের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, বিগত বছরগুলোতে ১০ লাখের বেশি শিক্ষার্থী পাস করায় শীর্ষ সারির পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন পূর্ণ হওয়ার পর বিশাল একটি অংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। কিন্তু এবার পাস করা ৬ লাখ ৪৬ হাজার শিক্ষার্থীর একটি বড় অংশই প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামকরা কলেজগুলোতে জায়গা পেয়ে যাবে। ফলে শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলোর সিংহভাগ আসনই শূন্য থাকার আশঙ্কা করা হচ্ছে।

এবারের ফলাফলের কারণে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংকটে পড়বে। বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল, তারা বেশি সমস্যায় পড়তে পারে। তবে শিক্ষার্থী কম পাওয়া গেলেও প্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষার মান ধরে রাখা এবং নিজেদের সক্ষমতা বাড়ানো। কিছুটা সমস্যা হবে। যেসব বিশ্ববিদ্যালয় ভালো নয়, তারা শিক্ষার্থী না পেলে ভবিষ্যতে নিজেদের শিক্ষার মান বাড়াতে পারে।— অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সাবেক চেয়ারম্যান, ইউজিসি  

অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, সাবেক চেয়ারম্যান, ইউজিসি

এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা আরও তীব্র হবে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংকটের পাশাপাশি আর্থিক চাপের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তবে এটিকে শুধু এক বছরের সমস্যা হিসেবে না দেখে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি দীর্ঘমেয়াদি কাঠামোগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গত বছর ২০২৫ সালে পাস করেছিল ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, অর্থাৎ এক বছরের ব্যবধানে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৮০ হাজার ২৭৫ জন। অন্যদিকে, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট আসনসংখ্যা প্রায় ১৪ লাখ ৯২ হাজার। ফলে আসনসংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।

তিনি বলেন, এ অবস্থায় দেশের উচ্চশিক্ষা খাতে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা আরও তীব্র হবে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংকটের পাশাপাশি আর্থিক চাপের মুখোমুখি হতে পারে। শিক্ষার্থী কমে গেলে বিশ্ববিদ্যালয়ের আয়, শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, পর্যাপ্ত আর্থিক সক্ষমতা ও শক্তিশালী ব্র্যান্ড ইমেজ নেই, তারা বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তবে এটিকে শুধু এক বছরের সমস্যা হিসেবে না দেখে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি দীর্ঘমেয়াদি কাঠামোগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

গত বছরও পাসের হার তুলনামূলক কম ছিল। আশঙ্কা করা হচ্ছিল বিশ্ববিদ্যালয়গুলো ভালো শিক্ষার্থী পাবে না। কিন্তু সামনের সারির বিশ্ববিদ্যালয়গুলো যথারীতি শিক্ষার্থী পেয়েছে। মিড লেভেল বা বিলো মিড লেভেলের বিশ্ববিদ্যালয় যেগুলো, তারা পায়নি। এ বছরও রেজাল্ট অনেক কম। এই খারাপ রেজাল্টের কারণে একটা ইমপ্যাক্ট পড়বেই। যেহেতু পাসের সংখ্যা কম, আবার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যার আসন সংখ্যা বেড়েছে, ওই জায়গাতে এটা একটা চ্যালেঞ্জ।—আবু সাদাত মো. মোস্তানসিরবিল্লা, পরিচালক, অফিস অব স্ট্র্যাটেজিক কমিউনিকেশন

চলতি বছর এইচএসসির ফলপ্রাপ্ত ছাত্রী: ছবি টিডিসি

দেশের শীর্ষ সারির অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিস অব স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ও জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত মো. মোস্তানসিরবিল্লা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত বছরও পাসের হার তুলনামূলক কম ছিল। আশঙ্কা করা হচ্ছিল বিশ্ববিদ্যালয়গুলো ভালো শিক্ষার্থী পাবে না। কিন্তু সামনের সারির বিশ্ববিদ্যালয়গুলো যথারীতি শিক্ষার্থী পেয়েছে। মিড লেভেল বা বিলো মিড লেভেলের বিশ্ববিদ্যালয় যেগুলো, তারা পায়নি।

তিনি বলেন, এ বছর রেজাল্ট অনেক কম। এই খারাপ রেজাল্টের কারণে একটা ইমপ্যাক্ট পড়বেই। যেহেতু পাসের সংখ্যা কম, আবার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যার আসন সংখ্যা বেড়েছে, ওই জায়গাতে এটা একটা চ্যালেঞ্জ। আগে যেখানে বিশাল সংখ্যক শিক্ষার্থী পাস করত, সব ইউনিভার্সিটিতে কোনো না কোনো স্টুডেন্ট ভর্তি হতো— এখন বিশ্ববিদ্যালয়ের যে আসন সংখ্যা, সে আসন সংখ্যা ফাঁকা থাকবে। সব স্টুডেন্ট ভর্তি হওয়ার পরেও জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে সবখানেই আসন ফাঁকা থাকবে। ডেফিনেটলি একটা একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রয়োজনমতো ঠিকই ভালো ইউনিভার্সিটিগুলোতে যাবে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ভর্তি ও জনসংযোগ বিভাগের প্রধান মো. জাহিদ হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়গুলোর আসন তেমন খালি থাকে না। যে সকল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কথা ভাবে না, তাদের স্টুডেন্ট পেতে কষ্ট হয়। আমাদের যেটা মনে হয়, শিক্ষার্থীবান্ধব যে সব ইউনিভার্সিটি, তার অ্যালামনাই প্রোফাইলগুলো যদি আপনি বিবেচনা করেন, তার প্রোডাক্ট কোথায় আছে—সেটি প্রত্যেকেই দেখে। টিচার কারা, পরিবেশ কেমন, কোয়ালিটি, পুরো এনভায়রনমেন্টটি কিন্তু মানুষ চিন্তা করে। যেসব বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় টিকতে পারে, তাদের সমস্যা হয় না।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গত বছর ২০২৫ সালে পাস করেছিল ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, অর্থাৎ এক বছরের ব্যবধানে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৮০ হাজার ২৭৫ জন। অন্যদিকে, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট আসনসংখ্যা প্রায় ১৪ লাখ ৯২ হাজার। ফলে আসনসংখ্যা ও উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।

শিক্ষার্থী সংকটে চাপে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মানোন্নয়নে জোর বিশেষজ্ঞদের
এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আসনসংখ্যা বেশি থাকায় এবার অনেক বিশ্ববিদ্যালয়ের আসন ফাঁকা থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যম ও নিম্নস্তরের প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তিতে বেশি প্রতিযোগিতার মুখে পড়তে পারে। এতে এসব প্রতিষ্ঠানের আয় ও পরিচালন সক্ষমতায়ও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ পরিস্থিতিকে শুধু শিক্ষার্থী সংকট হিসেবে না দেখে উচ্চশিক্ষার মান, প্রতিষ্ঠান অনুমোদন, পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা পর্যালোচনার সুযোগ হিসেবে দেখছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।

উচ্চশিক্ষা সম্প্রসারণে স্থিতাবস্থা প্রয়োজন
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনে পরিকল্পনা ও মানদণ্ডের অভাব, অপরিকল্পিত সম্প্রসারণ এবং বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাইয়ের ওপর জোর দিয়েছেন শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ। 

ড. মনজুর আহমেদ বলেন, দেশে উচ্চশিক্ষার সম্প্রসারণ অনেকটাই অপরিকল্পিতভাবে হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই বিশ্ববিদ্যালয় অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকল্পনা ও মানদণ্ড যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে তদবির ও রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছে। ফলে বর্তমানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আসনসংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে।

তিনি বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় উচ্চশিক্ষার আসন প্রায় দ্বিগুণ। ফলে কয়েকটি ভালো মানের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিযোগিতা থাকবে। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানের মান গ্রহণযোগ্য পর্যায়ে না থাকায় সেগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি হবে না। অনেক প্রতিষ্ঠানের আসন ফাঁকা থেকে যাবে।

ড. মনজুর আহমেদ, ইমেরিটাস অধ্যাপক, ব্যাক ইউনিভার্সিটি: ছবি: সৌজন্যে প্রাপ্ত

ড. মনজুর আহমেদ বলেন, ‘এখন উচ্চশিক্ষার প্রসারে একটা বিরতি ঘোষণা করা দরকার। অন্তত দুই-তিন বছরের জন্য নতুন প্রতিষ্ঠান অনুমোদনের ক্ষেত্রে স্থিতাবস্থা বা মোরাটোরিয়াম (Moratorium) প্রয়োজন। এই সময়ের মধ্যে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চশিক্ষার পরিকল্পনা এবং মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানের জন্য গ্রহণযোগ্য মানদণ্ড নির্ধারণ এবং তা কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন। যেসব প্রতিষ্ঠান নির্ধারিত মান বজায় রাখতে পারবে না, সেগুলো বন্ধ করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। তবে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হলে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

এই শিক্ষাবিদ বলেন, শুধু উচ্চশিক্ষা নয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান এবং মূল্যায়ন পদ্ধতির দুর্বলতাও পর্যালোচনা করা প্রয়োজন। এবার পাসের হার কমে যাওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত শিখন অর্জন ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আগে কী ধরনের সমস্যা ছিল, এখন কী পরিবর্তন আনা হয়েছে এবং ভবিষ্যতে কী করা প্রয়োজন—এসব বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার।

বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য শিক্ষার্থী সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাকে শুধু ঝুঁকি হিসেবে দেখছি না। প্রয়োজন হলে মান রক্ষার স্বার্থে কিছু প্রতিষ্ঠান বন্ধ করা দরকার। নতুন নতুন প্রতিষ্ঠান অনুমোদন না দিয়ে যেগুলো আছে, সেগুলোর মান যাচাই করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।’

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় উচ্চশিক্ষার আসন প্রায় দ্বিগুণ। ফলে কয়েকটি ভালো মানের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতিযোগিতা থাকবে। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানের মান গ্রহণযোগ্য পর্যায়ে না থাকায় সেগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি হবে না। অনেক প্রতিষ্ঠানের আসন ফাঁকা থেকে যাবে। এখন উচ্চশিক্ষার প্রসারে একটা বিরতি ঘোষণা করা দরকার। অন্তত দুই-তিন বছরের জন্য নতুন প্রতিষ্ঠান অনুমোদনের ক্ষেত্রে স্থিতাবস্থা বা মোরাটোরিয়াম (Moratorium) প্রয়োজন। এই সময়ের মধ্যে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চশিক্ষার পরিকল্পনা এবং মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।— ড. মনজুর আহমেদ, অধ্যাপক, ব্র্যাক ইউনিভার্সিটি

বিকল্প ও দক্ষতাভিত্তিক কোর্স চালুর পরামর্শ
শিক্ষার্থীর চাহিদার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত ডিগ্রির বাইরে ভাষা শিক্ষা, প্রযুক্তি ও কর্মবাজার উপযোগী দক্ষতাভিত্তিক কোর্স চালুর পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. মো. সিরাজুল ইসলাম। 

ড. মো. সিরাজুল ইসলাম মনে করেন, এবারের ফল বিপর্যয়ের প্রভাব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়লেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রচলিত ডিগ্রির পাশাপাশি সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক কোর্স চালুর দিকে মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, ‘শিক্ষার্থী পাস না করলে তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। এই বাস্তবতা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চাইলে বিভিন্ন ধরনের কোর্স চালু করতে পারে। দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে কোর্সের সুযোগ তৈরি করা যেতে পারে।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, জাপানে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শেখার কোর্সের চাহিদা রয়েছে। এ ধরনের ভাষা শিক্ষা ও দক্ষতাভিত্তিক কোর্স বিশ্ববিদ্যালয়গুলো চালু করতে পারে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কোর্স চালুর সুযোগ রয়েছে।

ড. সিরাজুল ইসলাম বলেন, এবারের পরিস্থিতি এক বছরের জন্য তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। গত বছরের উত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশও এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। ফলে এবারের ভর্তি পরিস্থিতিকে এককভাবে বিবেচনা না করে আগের বছরের শিক্ষার্থীদের বিষয়টিও মাথায় রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর পাসের হার আবার বাড়বে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। তাঁর প্রত্যাশা, আগামী বছর পাসের হার ৭০ শতাংশ ছাড়াতে পারে। ফলে এবারের সংকটকে দীর্ঘমেয়াদি সমস্যা হিসেবে দেখার প্রয়োজন নেই।

এবার বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, এসব প্রতিষ্ঠানের আয়ের বড় অংশ আসে শিক্ষার্থীদের টিউশন ফি থেকে। তবে শিক্ষার্থী কমে গেলে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সক্ষমতা ও ব্যয়ের মধ্যে সমন্বয় করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যতজন শিক্ষার্থীই পাবে, তাদের মানসম্মত শিক্ষা দিয়ে এগিয়ে নিতে হবে। এবার কম শিক্ষার্থী পাওয়া গেলে রেভিনিউর দিক থেকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোও বুঝবে, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী অবকাঠামোসহ সার্বিক কোন কোন ক্ষেত্রে ব্যয় সমন্বয় করতে হবে। এসবই শিক্ষার অংশ।— অধ্যাপক ড. এম আর কবির, উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শিক্ষার মান বাড়াতে হবে, শিক্ষক ধরে রাখতে হবে
শিক্ষার মান নিশ্চিত করতে যোগ্য শিক্ষক নিয়োগ, তাঁদের উপযুক্ত পারিশ্রমিক এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি বলেন, এবারের ফলাফলের কারণে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংকটে পড়বে। বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুর্বল, তারা বেশি সমস্যায় পড়তে পারে। তবে শিক্ষার্থী কম পাওয়া গেলেও প্রতিষ্ঠানগুলোর উচিত শিক্ষার মান ধরে রাখা এবং নিজেদের সক্ষমতা বাড়ানো।

তিনি বলেন, ‘কিছুটা সমস্যা হবে। যেসব বিশ্ববিদ্যালয় ভালো নয়, তারা শিক্ষার্থী না পেলে ভবিষ্যতে নিজেদের শিক্ষার মান বাড়াতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য সুযোগ-সুবিধার মান উন্নত করতে হবে। ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে এবং তাঁদের ধরে রাখার জন্য উপযুক্ত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’

এই শিক্ষাবিদ মনে করেন, শিক্ষার মান নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতা ও তাঁদের যথাযথ পারিশ্রমিক গুরুত্বপূর্ণ। কম বেতন দিয়ে যোগ্য শিক্ষক পাওয়া এবং তাঁদের প্রতিষ্ঠানে ধরে রাখা কঠিন। ফলে বিশ্ববিদ্যালয়গুলোকে মানসম্মত শিক্ষক নিয়োগ ও তাঁদের জন্য আকর্ষণীয় কর্মপরিবেশ তৈরিতে বিনিয়োগ করতে হবে।

তিনি বলেন, উচ্চশিক্ষায় শুধু শিক্ষার্থী ভর্তি করাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত নয়। শিক্ষার্থীর সংখ্যা কম হলেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে প্রতিষ্ঠানগুলো নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ভর্তি প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনতে হবে
শিক্ষার্থী সংকটের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয় ও পরিচালন ব্যয়ের চাপ এবং শিক্ষার্থী আকর্ষণে বৃত্তি ও টিউশন ফি সমন্বয়ের বিষয়গুলো সামনে এনেছেন অর্থনীতিবিদ ও গবেষক ড. অতনু রাব্বানী। 

ড. অতনু রাব্বানী মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা আগেও ছিল। গত বছরও তুলনামূলক কম পাসের কারণে মধ্যম ও নিম্নস্তরের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী সংকটে পড়েছিল। এবার পাসের হার আরও কম হওয়ায় সেই চাপ বাড়তে পারে। তবে শুধু পাসের হার কমার কারণে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক সক্ষমতা সংকটে পড়বে, এমনটি মনে করেন না তিনি।

তিনি বলেন, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় চার শতাংশ পয়েন্ট। কিন্তু এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক শিক্ষার্থী চাহিদা কতটা কমবে, তা নির্ভর করবে শিক্ষার্থীরা কোন ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী এবং বিশ্ববিদ্যালয়গুলোর আসন পূরণের সক্ষমতার ওপর।

ড. অতনু রাব্বানী বলেন, ‘যেসব বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে, শিক্ষার্থীরা সেগুলোতে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু মধ্যম ও নিম্নস্তরের বিশ্ববিদ্যালয়গুলো আগেও শিক্ষার্থী সংকটে ভুগেছে। এবারও তাদের সেই সংকটের মুখে পড়তে হতে পারে।’

তাঁর মতে, শিক্ষার্থী কমে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমবে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পরিচালন ব্যয় ও ব্যবসায়িক মডেল পুনর্বিন্যাস করতে হবে। শিক্ষার্থী আকর্ষণে বৃত্তি, টিউশন ফি সমন্বয় এবং পরিচালন ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিতে পারে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীর চাহিদা ও আর্থিক সক্ষমতার মধ্যে সমন্বয় করতে হবে। তবে আসন খালি থাকার আশঙ্কা তৈরি হলেই সব প্রতিষ্ঠানের জন্য একই ধরনের আর্থিক সংকট তৈরি হবে, তা বলা যায় না। কারণ, বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান, সুনাম, শিক্ষার্থীদের পছন্দ এবং বিদ্যমান চাহিদার মধ্যে পার্থক্য রয়েছে।

যেসব বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে, শিক্ষার্থীরা সেগুলোতে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু মধ্যম ও নিম্নস্তরের বিশ্ববিদ্যালয়গুলো আগেও শিক্ষার্থী সংকটে ভুগেছে। এবারও তাদের সেই সংকটের মুখে পড়তে হতে পারে। শিক্ষার্থী কমে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর আয় কমবে। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের পরিচালন ব্যয় ও ব্যবসায়িক মডেল পুনর্বিন্যাস করতে হবে। শিক্ষার্থী আকর্ষণে বৃত্তি, টিউশন ফি সমন্বয় এবং পরিচালন ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিতে পারে।— ড. অতনু রাব্বানী 

শিক্ষার্থী অনুযায়ী ব্যয় সমন্বয় করতে হবে
শিক্ষার্থীসংখ্যা কমে গেলে বিশ্ববিদ্যালয়ের আয় ও আর্থিক সক্ষমতায় কী প্রভাব পড়বে এবং শিক্ষার্থীর অনুপাতে অবকাঠামো ও পরিচালন ব্যয় কীভাবে সমন্বয় করা যায় সে বিষয়টি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম আর কবির। 

ড. এম আর কবির বলেন, এবার বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ, এসব প্রতিষ্ঠানের আয়ের বড় অংশ আসে শিক্ষার্থীদের টিউশন ফি থেকে। তবে শিক্ষার্থী কমে গেলে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সক্ষমতা ও ব্যয়ের মধ্যে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো যতজন শিক্ষার্থীই পাবে, তাদের মানসম্মত শিক্ষা দিয়ে এগিয়ে নিতে হবে। এবার কম শিক্ষার্থী পাওয়া গেলে রেভিনিউর দিক থেকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোও বুঝবে, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী অবকাঠামোসহ সার্বিক কোন কোন ক্ষেত্রে ব্যয় সমন্বয় করতে হবে। এসবই শিক্ষার অংশ।’

ড. এম আর কবির বলেন, শিক্ষার্থী কম পাওয়া মানেই সেই শিক্ষার্থীরা মানের দিক থেকে দুর্বল, এমনটি ভাবার সুযোগ নেই। বুয়েটেও অনেক যোগ্য শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায় না। তার মানে এই নয় যে তারা খারাপ শিক্ষার্থী। সেখানে আসনসংখ্যা সীমিত থাকায় সবাই সুযোগ পায় না। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও ইউজিসি নির্ধারিত ন্যূনতম ভর্তি যোগ্যতা রয়েছে। সেই যোগ্যতা পূরণ করে যতজন শিক্ষার্থী ভর্তি হবে, তাদের নিয়েই বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীর সংখ্যা কম হলেও শিক্ষার মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না।

অধ্যাপক ড. এম আর কবির, উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ছবি: সৌজন্যে প্রাপ্ত

আশা অকৃতকার্যদের পুনঃপরীক্ষার সুযোগে
এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক ভর্তি পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যম সারির, নিম্নস্তরের ও নতুন বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তিতে সংকটে পড়তে পারে। এতে প্রতিষ্ঠানগুলোর আয় কমে যাওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগ, অবকাঠামো ও পরিচালন ব্যয়েও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হলে ভর্তি পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) পরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ।

বেলাল আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত প্রায় চার লাখ আসন রয়েছে। অন্যদিকে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ছয় লাখের কিছু বেশি শিক্ষার্থী। ফলে আসনসংখ্যার তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী ভর্তির প্রতিযোগিতা তৈরি হবে। প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা অব্যাহত থাকলেও মধ্যম সারির, নিম্নস্তরের ও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে তুলনামূলক বেশি সমস্যায় পড়বে। অতীতেও পাসের হার কম থাকলে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগের বিষয়ে তিনি বলেন, এবারই প্রথম এ ধরনের শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। তাদের পরীক্ষার ফলাফল কীভাবে নির্ধারিত হবে এবং চূড়ান্ত জিপিএ কীভাবে হিসাব করা হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এ বিষয়ে সিদ্ধান্ত ও ফলাফল প্রকাশিত হলে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে সাধারণত দুই থেকে তিনটি ভর্তি সেশন থাকায় এ ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করতে হবে।

পুনঃপরীক্ষার সুযোগ থাকলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্ধারিত যোগ্যতার শর্তের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। বেলাল আহমেদ বলেন, ইউজিসির নিয়ম অনুযায়ী জিপিএ ২ দশমিক ৫-এর নিচে শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই। বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্র্যাক ও নর্থ সাউথের মতো প্রতিষ্ঠানে নির্ধারিত জিপিএর যোগ্যতা পূরণ করেও অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। অন্যদিকে ছোট বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলকভাবে কিছুটা শিথিলতা থাকলেও জিপিএ ২ দশমিক ৫-এর নিচে শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই। ফলে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে না পারা শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর তেমন কিছু করার থাকে না।

ভর্তি সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব নীতিমালার আলোকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হতে পারে উল্লেখ করে বেলাল আহমেদ বলেন, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক শিক্ষার্থী ভর্তির পরিস্থিতি বিবেচনায় অবকাঠামোগত সুযোগ-সুবিধা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হতে পারে। যেসব বিভাগে শিক্ষার্থী ভর্তি কম হবে, সেসব বিভাগের অবকাঠামো বা সুযোগ-সুবিধা কিছুটা কমিয়ে যেসব বিভাগে শিক্ষার্থী বেশি ভর্তি হবে, সেখানে তা বাড়ানো হতে পারে। তবে এটি মূলত বিশ্ববিদ্যালয়গুলোর অভ্যন্তরীণ নীতিনির্ধারণের বিষয়।

বেলাল আহমেদ, পরিচালক (জনসংযোগ), এপিইউবি

বিশ্ববিদ্যালয়ের ব্যয় সংকোচন নিয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত প্রতি সেমিস্টারে শিক্ষার্থীর সংখ্যা ও ক্লাসের চাহিদা বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী ফুলটাইম অথবা পার্টটাইম শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে কোনো বিভাগে শিক্ষার্থী ভর্তি কম হলে সেখানে শিক্ষক নিয়োগের সংখ্যাও কমতে পারে। একই সঙ্গে ওই বিভাগের অন্যান্য সুযোগ-সুবিধা ও পরিচালন ব্যয়ও সমন্বয় করতে হতে পারে। অর্থাৎ শিক্ষার্থীসংখ্যা কমে গেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে অভ্যন্তরীণ নীতিমালার আওতায় ব্যয় সংকোচনের পথে হাঁটতে হতে পারে। 

তার মতে, শিক্ষার্থী ভর্তির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক নিয়োগ ও সুযোগ-সুবিধা নির্ধারণ করা বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক ব্যবস্থাপনার অংশ।