প্রাইম ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে প্রাইম ইউনিভার্সিটি। শনিবার (৭ নভেম্বর) দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনায় পবিত্র দোয়া অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুর রহমান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ঐক্য, দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। শিক্ষার্থীদের মধ্যে এ চেতনা ছড়িয়ে দিয়ে তাঁদের সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব।
তিনি আরও বলেন, জাতীয় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনটি স্মরণ করা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার চেতনা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।