০২ নভেম্বর ২০২৬, ১৩:৩২

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির সমঝোতা স্মারক

এনএসইউ-ইউডব্লিউএর সমঝোতা স্মারক সই  © টিডিসি ছবি

কৃষিব্যবসা, শিক্ষা-গবেষণা ও শিল্পখাতে সহযোগিতা বাড়াতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ইউডব্লিউএ) সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এর আওতায় এনএসইউর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ের পড়াশোনার একটি অংশ ইউডব্লিউএতে সম্পন্ন করার সুযোগ পাবেন। পাশাপাশি এনএসইউ-ইউডব্লিউএ অ্যাক্টিভেশন সেন্টার অব এক্সিলেন্সের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে আর্থিক সহায়তা দেবে ইউডব্লিউএ।

সোমবার (২ নভেম্বর) এনএসইউর সংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত ইউডব্লিউএর সঙ্গে সমঝোতা স্মারক সই করতে এনএসইউর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফর করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সদস্য নাজ বেবী আহমেদ এবং এনএসইউ-ইউডব্লিউএ অ্যাক্টিভেশন সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক নুরুল ইসলাম।

দুটি সমঝোতা স্মারকের মধ্যে প্রথমটির আওতায় এনএসইউর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের জন্য ২+২ আর্টিকুলেশন প্রোগ্রাম চালু হবে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ের পড়াশোনার একটি অংশ এনএসইউতে এবং বাকি অংশ ইউডব্লিউএতে সম্পন্ন করতে পারবেন।

দ্বিতীয় সমঝোতা স্মারকের আওতায় এনএসইউ-ইউডব্লিউএ অ্যাক্টিভেশন সেন্টার অব এক্সিলেন্সের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদারে ইউডব্লিউএ আর্থিক সহায়তা দেবে।

সফরকালে এনএসইউর প্রতিনিধিদল ইউডব্লিউএর স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইনস্টিটিউট অব এগ্রিকালচার এবং স্কুল অব পপুলেশন অ্যান্ড গ্লোবাল হেলথের শিক্ষক ও গবেষকদের সঙ্গে বৈঠক করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদ উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার পরবর্তী পদক্ষেপ নিয়েও ইউডব্লিউএ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল ইউডব্লিউএর উপাচার্য অধ্যাপক অমিত চাকমার সঙ্গে ‘এনএসইউ-ইউডব্লিউএ অ্যাক্টিভেশন সেন্টার অব এক্সিলেন্স’ বিষয়ে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে অংশ নেয়। ইউডব্লিউএর উইনথ্রপ হলে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, সরকারি কর্মকর্তা, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। তারা কৃষি উদ্ভাবন, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া প্রতিনিধিদল পার্থ সিটির লর্ড মেয়র ব্রুস রেনল্ডসের সঙ্গে কাউন্সিল হাউসে সৌজন্য সাক্ষাৎ করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৩ ডিসেম্বর ২০২৬ এনএসইউতে ইউডব্লিউএ ও অন্যান্য অংশীদারের সহযোগিতায় একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এতে কৃষিব্যবসার রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর, মূল্যশৃঙ্খল উন্নয়ন এবং ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার রোডম্যাপ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

এনএসইউ কর্তৃপক্ষের আশা, এনএসইউ-ইউডব্লিউএ অ্যাক্টিভেশন সেন্টার অব এক্সিলেন্স একাডেমিক গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সংযোগ তৈরি করবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে টেকসই কৃষিব্যবসার নতুন সুযোগ সৃষ্টি হবে।