ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইংরেজি বিভাগ, বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) এবং জাপানের ‘টিচার্স হেল্পিং টিচার্স’ (টিএইচটি)-এর যৌথ উদ্যোগে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ২০তম শিক্ষক উন্নয়ন সম্মেলন ২০২৬।
‘কালটিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষক, গবেষক ও ইংরেজি ভাষা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। ২০০৫ সাল থেকে বেল্টা ও টিএইচটির যৌথ উদ্যোগে শুরু হওয়া এই আয়োজনের দুই দশকে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষক পেশাগত উন্নয়নের সুযোগ পেয়েছেন।
তিন দিনব্যাপী এই সম্মেলনটি হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হয়। এর অংশ হিসেবে অনলাইন অধিবেশন, ইউআইইউ ক্যাম্পাসে সশরীরে সম্মেলন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি আঞ্চলিক শিক্ষক উন্নয়ন কর্মসূচি পালিত হয়, যা দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের কাছে পেশাগত উন্নয়নের সুযোগ পৌঁছে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
সম্মেলনের মূল আকর্ষণ ছিল ‘কালটিভেটিং কমিউনিটি ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন’ শীর্ষক প্যানেল আলোচনা। জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন এবং টিএইচটি টিম লিডার প্রফেসর ড. প্যাট্রিক ডোহার্টির সঞ্চালনায় এতে অংশ নেন বেল্টার সাধারণ সম্পাদক ড. মো. মহিব উল্লাহ, ইউআইইউর ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. কামরুল হাসান, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের পিডি সমন্বয়ক ফেরদৌসী রহমান এবং টিএইচটি দলের প্রতিনিধি প্রফেসর ড. অ্যান ম্যাকলেলান হাওয়ার্ড, প্রফেসর ড. ক্রিস্টোফার জনসন, প্রফেসর ড. জশ নরম্যান ও প্রফেসর সিসিলিয়া সিলভা। প্যানেলিস্টরা শিক্ষকদের মধ্যে পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং সীমানা পেরিয়ে সহায়ক শিক্ষকসমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শরীফ আহমেদ মুকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও বেল্টার সভাপতি আহমেদ বশীর, বেল্টার উপদেষ্টা প্রফেসর ড. আরিফা রহমান এবং সাবেক সভাপতি প্রফেসর ড. রুবিনা খান। সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন ইউআইইউর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. মারজিয়া শুরভী।
বাংলাদেশ, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অভিজ্ঞ শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজিত কর্মশালা ও অধিবেশনে ভাষা শিক্ষার আধুনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে লেখার দক্ষতা উন্নয়ন, সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ, দ্বিভাষিকতা, উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং ডিজিটাল উপকরণের প্রয়োগ উল্লেখযোগ্য। সম্মেলন শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।