০১ নভেম্বর ২০২৬, ০৮:৫২

সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফারেন্স সম্পন্ন

১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স  © টিডিসি ছবি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) দুই দিনব্যাপী ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ (IEEE WIECON-ECE 2026) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। 

আন্তর্জাতিক এই সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রকৌশল ও প্রযুক্তি খাতে আধুনিক গবেষণা বিনিময় এবং প্রদেয় ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে উৎসাহিত করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

​৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন।

​সম্মেলনে প্যাট্রন হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং জেনারেল চেয়ার হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, টিপিসি চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া।

​আয়োজকরা জানান, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ৬০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে মান নিশ্চিত করে এর মধ্য থেকে মাত্র ২৫ শতাংশ গবেষণাপত্র গ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এতে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের গবেষক ও লেখকরা অংশ নেন।

​সম্মেলনে মূল প্রবন্ধ ও আমন্ত্রিত বক্তব্য উপস্থাপন করেন বিশ্বখ্যাত বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে সুইডেনের সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট মার্গারেথা এরিকসন, কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক লিনা বার্টলিং জার্নবার্গ, ভারতের জ্যোতি রামাস্বামী, যুক্তরাষ্ট্রের পদমজা পুলিভার্তি, রাইথ (RAITH)-এর অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার ডা. রাইসা ফাবিহা এবং কলকাতার টিসিএস রিসার্চের সিনিয়র সায়েন্টিস্ট ড. মঞ্জিরা সিনহা অন্যতম।

​৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী এ সম্মেলনের পর্দা নামে। সমাপনী দিনে অসামান্য গবেষণা অবদানের স্বীকৃতিস্বরূপ ৩টি গবেষণাপত্রকে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ এবং প্রতিটি টেকনিক্যাল সেশনের সেরা উপস্থাপকদের ‘বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।