২৬ অক্টোবর ২০২৬, ২০:৫৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা সপ্তাহ  © সৌজন্যে প্রাপ্ত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন বিভাগ, ইউনেস্কোর ঢাকা কার্যালয় এবং মিডিয়া ও তথ্য সাক্ষরতা নেটওয়ার্ক বাংলাদেশ (MILNetBD)-এর যৌথ উদ্যোগে এবং জাতিসংঘের নির্বাচনবিষয়ক প্রকল্প- ব্যালট (UN Electoral Project–BALLOT)-এর সহযোগিতায় গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্‌যাপিত এ সপ্তাহের প্রতিপাদ্য হলো “আমরা সবাই অংশীদার- জনগণের জন্য মিডিয়া ও তথ্য সাক্ষরতা” (We All Play a Part – Media and Information Literacy for the People)

উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের আলোর মিনারের সামনে সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই জোনে একটি সচেতনতামূলক প্রচার বুথ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ। এ ছাড়া ইউনেস্কোর অন্যান্য কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, MILNetBD-এর প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে মিডিয়া ও তথ্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. দিলারা বেগম সমালোচনামূলক চিন্তন দক্ষতার বিকাশ, তথ্যের যথার্থতা যাচাই, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য শনাক্তকরণ এবং ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে মিডিয়া ও তথ্য সাক্ষরতার অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, ড. সুসান ভাইজ বাংলাদেশে মিডিয়া ও তথ্য সাক্ষরতার প্রসারে ইউনেস্কোর অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৬ অক্টোবর “কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মিডিয়া ও তথ্য সাক্ষরতার গুরুত্ব” শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ অক্টোবর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালিত হবে। ২৯ অক্টোবর “একবিংশ শতাব্দীর তরুণদের জন্য মিডিয়া ও তথ্য সাক্ষরতার দক্ষতা” শীর্ষক সেমিনার, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং MILNetBD-এর সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩০ ও ৩১ অক্টোবর অনলাইনে সচেতনতামূলক প্রচারাভিযানের আয়োজন করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সমাজে মিডিয়া ও তথ্য সাক্ষরতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বাংলাদেশের তরুণদের মিডিয়া ও তথ্য সাক্ষরতা-সংক্রান্ত দক্ষতা বিষয়ে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন এবং তথ্যের দায়িত্বশীল ব্যবহারে উৎসাহিত করা এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। নির্ধারিত সেমিনারে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা করার পাশাপাশি তরুণদের মিডিয়া ও তথ্য সাক্ষরতার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী, গবেষক, তথ্য পেশাজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশ সংগ্রহ করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন বিভাগ এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো শিক্ষা, গবেষণা ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং মিডিয়া ও তথ্য সাক্ষরতার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। একটি তথ্যসমৃদ্ধ, সচেতন ও ডিজিটাল সক্ষমতাসম্পন্ন সমাজ গঠনে প্রত্যেক নাগরিকের ভূমিকা ও দায়িত্ব রয়েছে, এই উপলব্ধিকে সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।