আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমার্তন ২৩ ডিসেম্বর
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ১৩তম সমাবর্তন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আগামী ২৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে অনুমোদন দিয়েছেন। এ অবস্থায় সমাবর্তনের সময়সূচি, কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তথ্যমতে, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা আহ্ছানিয়া মিশন দ্বারা ১৯৯৫ সালে ‘বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২’ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপত্য ও প্রকৌশল, বিজ্ঞান ও কলা, ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অনুষদের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহে অধ্যায়নের সুযোগ রয়েছে।