‘ইন্সপাইরিং টিচার’ সম্মাননা পেলেন অধ্যাপক ড. এম. এ. রশিদ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর আয়োজনে এ বছর ‘‘Inspiring Teacher’’ হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. রশিদ। শিক্ষা, গবেষণা ও শিক্ষকতা পেশায় তাঁর দীর্ঘদিনের অবদান এবং প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীকে অনুপ্রাণিত করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ব শিক্ষক দিবসকে ঘিরে এসইউবি ক্যাম্পাসে ছিল শ্রদ্ধা, সম্মান ও উদযাপনের আবহ। দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ছিল বিশেষ চমক। প্রত্যেক শিক্ষকের টেবিলে শিক্ষক দিবসের শুভেচ্ছা কার্ড ও ফুল দিয়ে তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় বিশেষ আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. হাসান কাউসার, প্রো-ভাইস চ্যান্সেলর (ডেজিগনেটেড) অধ্যাপক ড. কে. এস. সারওয়ার উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং শিক্ষকদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে শিক্ষকতার মর্যাদা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা এবং দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকসমাজের অবদানের বিভিন্ন দিক উঠে আসে। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ও গবেষণায় শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল অধ্যাপক ড. এম. এ. রশিদকে ‘‘Inspiring Teacher’’ সম্মাননা প্রদান। শিক্ষা ও গবেষণায় তাঁর দীর্ঘ পথচলা, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং দেশের ফার্মেসি শিক্ষায় তাঁর অবদানের প্রতি সম্মান জানিয়ে এসইউবির পক্ষ থেকে তাঁর হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষক কেবল শ্রেণিকক্ষে জ্ঞান প্রদান করেন না; শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখানো, মূল্যবোধ গড়ে তোলা এবং ভবিষ্যতের পথ দেখানোর ক্ষেত্রেও একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম। অনুপ্রেরণাদায়ী শিক্ষকতার সেই অবদানকে স্বীকৃতি দিতেই বিশ্ব শিক্ষক দিবসে এসইউবির এ বিশেষ উদ্যোগ।
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং অনুপ্রেরণাদায়ী শিক্ষকতার স্বীকৃতির মধ্য দিয়ে এবারের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ।