১১ অক্টোবর ২০২৬, ১২:৪০

এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন  © সৌজন্য প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শুরু হয়েছে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস (আইসিপিএস ২০২৬)’। গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির আয়োজনে শুরু হওয়া এ সম্মেলন চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

‘বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে উদ্ভাবন’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ওষুধ বিজ্ঞানে বৈজ্ঞানিক উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে গবেষণার ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার ফ্যাকাল্টি অব ফার্মেসির যৌথ উদ্যোগে সম্মেলনটি আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আজিজ আল কায়সার। 

এ ছাড়া উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম এবং বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার ফ্যাকাল্টি অব ফার্মেসির ডিন ও সম্মেলনের কো-চেয়ার ড. নুসাইবাহ আবদুল রহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের চেয়ার অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার। 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, গবেষণা, উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অগ্রগতি উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইসিপিএস ২০২৬-এর মতো সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের জ্ঞান বিনিময়, ধারণা ভাগাভাগি এবং বৈশ্বিক স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পদ্ধতি খুঁজে বের করার সুযোগ তৈরি করে।

এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, আইসিপিএস ২০২৬ একাডেমিক উৎকর্ষ, আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণানির্ভর উদ্ভাবনের প্রতি এনএসইউর অঙ্গীকারের প্রতিফলন। বর্তমানে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস শুধু ওষুধের মধ্যেই সীমাবদ্ধ নয়; বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার উন্নয়নে জ্ঞানের বিভিন্ন শাখাকে একত্র করছে।

এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা বিশ্বাস করি, জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। ফার্মাসিউটিক্যাল শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, আইসিপিএস ২০২৬-এর মতো সম্মেলন সহযোগিতা বাড়াবে, নতুন ধারণার জন্ম দেবে এবং বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য স্থানে স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখবে।

এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম বলেন, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তির মতো মাইলফলক একাডেমিক উন্নয়নের ধারাবাহিকতা এবং বৈজ্ঞানিক অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদি অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরে।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় ধারাবাহিক বিনিয়োগ উদ্ভাবনের উপযোগী পরিবেশ তৈরি করে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সমাজের জন্য অর্থবহ অবদান রাখতে পারে।

এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, আইসিপিএস ২০২৬-এর মতো যৌথ একাডেমিক উদ্যোগ গবেষণার সংস্কৃতি শক্তিশালী করে, জ্ঞান বিনিময়ে উৎসাহ জোগায় এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ধারাবাহিক অগ্রগতিতে সহায়তা করে।

মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার ফ্যাকাল্টি অব ফার্মেসির ডিন ও সম্মেলনের কো-চেয়ার ড. নুসাইবাহ আবদুল রহিম বলেন, আন্তর্জাতিক একাডেমিক অংশীদারত্ব জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং সমাজের কল্যাণে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অগ্রগতির গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।

এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র বলেন, জটিল স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন প্রজন্মের গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের প্রস্তুত করতে বিভিন্ন জ্ঞান শাখার মধ্যে সহযোগিতা ও বৈজ্ঞানিক অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনের চেয়ার ও এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার বলেন, আইসিপিএস ২০২৬ গবেষক ও শিক্ষাবিদদের মতবিনিময়, সহযোগিতা জোরদার এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ও বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে উদ্ভাবনী পদ্ধতি অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

উদ্বোধনী অধিবেশনের শেষ পর্বে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর বায়োমেডিক্যাল সায়েন্সেসের রিজেন্টস’ অধ্যাপক দিদিয়ের মার্লিন “আলসারেটিভ কোলাইটিসের চিকিৎসায় নতুন ধরনের ওরাল লিপিড ন্যানোপার্টিকেল-ভিত্তিক লক্ষ্য নির্দিষ্ট থেরাপিউটিক কৌশল” শীর্ষক একটি প্লেনারি লেকচার প্রদান করেন। এতে তিনি প্রদাহজনিত অন্ত্রের রোগের চিকিৎসায় লক্ষ্য নির্দিষ্ট ওষুধ সরবরাহের একটি উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরেন। 

ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এ সম্মেলনে ওষুধ বিজ্ঞানের শিক্ষা ও গবেষণার অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।