এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী ও পুরস্কার বিতরণ
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ (ডিইএমএল) আয়োজিত বেকম্যানস চতুর্থ আন্তর্জাতিক ভাষা লিগের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দেশের বৃহত্তম ভাষাভিত্তিক অলিম্পিয়াড হিসেবে পরিচিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গতকাল ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। শনিবার (১০ অক্টোবর) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং এবং আকিজ বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. শফিকুল ইসলাম তুষার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নাজিয়া মনজুর।
অনুষ্ঠানে ড. নাজিয়া মনজুর প্রতিযোগীদের উৎসাহ এবং আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভাষা লিগে শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সবার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমও সমান গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের একত্র করার মধ্য দিয়ে ভাষা লিগ দেশের ভাষাগত বৈচিত্র্য উদ্যাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথি ববি হাজ্জাজ ভাষা লিগের ব্যাপকতা ও গুরুত্ব তুলে ধরে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের এই উদ্যোগ অসাধারণ। ভাষার মাধ্যমে শিক্ষার্থীদের একত্র করার পাশাপাশি এটি তরুণদের ভাষাগত দক্ষতা বিকাশ ও তা তুলে ধরার জন্য একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে।
বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং বলেন, ভাষা সভ্যতাকে যুক্ত করে এবং মানুষকে পরস্পরের কাছাকাছি আনে। এ ধরনের বহুভাষিক প্রতিযোগিতা বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধি উদ্যাপনের পাশাপাশি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে। বর্তমান বিশ্বে বিদেশি ভাষা শেখা তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা।
আকিজ বেকার্স লিমিটেডের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মো. শফিকুল ইসলাম তুষার বলেন, ভাষা লিগের মতো একটি উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে তাঁরা গর্বিত। শিক্ষার্থী ও ভাষাপ্রেমীদের জন্য এটি একটি অর্থবহ মঞ্চ, যেখানে তাঁরা নিজেদের ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পান।
নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ পুরস্কারজয়ীদের উদ্দেশে বলেন, সমাজ ও দেশের প্রতি তাঁদের অনেক দায়িত্ব রয়েছে। নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখা এবং আরও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তিনি বিজয়ীদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ভাষা শেখার পাশাপাশি মানুষের সঙ্গে যোগাযোগ ও ভাবনার আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যেন মানসম্মত শিক্ষা লাভের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, ভাষা ও যোগাযোগে দক্ষতা অর্জন করে এবং বিশ্বে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় কাজ করছে।
উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ থাকলে যেকোনো বাধা অতিক্রম করে সফল হওয়া সম্ভব। এক লাখের বেশি প্রতিযোগীর মধ্যে বিজয়ী হওয়াকে তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সাফল্য ধরে রাখতে এবং লক্ষ্যে অবিচল থাকতে তাদের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বেকম্যানস আন্তর্জাতিক ভাষা লিগের চতুর্থ আসরে দেশের বিভিন্ন জেলার ৫৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার কার্যক্রম, কর্মশালা ও বাছাইপর্বের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এতে এক লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। তাঁদের মধ্য থেকে কয়েক হাজার প্রতিযোগী বিভাগীয় পর্যায়ের বিভিন্ন পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভাগের যশোর ও নড়াইল, সিলেট, রাজশাহী বিভাগের বগুড়া, বরিশাল, রংপুর বিভাগের পঞ্চগড় এবং ময়মনসিংহে এসব পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য প্রতিযোগীদের নির্বাচন করা হয়। বিভিন্ন বয়সভিত্তিক ও ভাষাভিত্তিক বিভাগে শেষ পর্যন্ত ২৬১ জন বিজয়ী নির্বাচিত হন।
অংশগ্রহণকারীদের বয়স ও শিক্ষার স্তর বিবেচনায় প্রতিযোগিতাটি সাতটি বিভাগে সাজানো হয়। ছোটদের জন্য ছিল বানান প্রতিযোগিতা (স্পেলিং বি) ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা। জুনিয়র ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয় ব্যাকরণ, দেয়ালপত্রিকা ও বিতর্ক প্রতিযোগিতায়। অন্যদিকে, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় তাৎক্ষণিক বক্তৃতা, ছোটগল্প লেখা ও বিতর্ক প্রতিযোগিতা।
গত ৯ অক্টোবর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নির্বাচিত প্রতিযোগীদের অংশগ্রহণে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরদিন শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
চতুর্থ আসরের মধ্য দিয়ে বেকম্যানস আন্তর্জাতিক ভাষা লিগ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের একটি অভিন্ন মঞ্চে নিয়ে এসেছে। এ আয়োজন ভাষাকে শুধু শিক্ষাগত দক্ষতা অর্জনের মাধ্যম হিসেবে নয়, বরং নিজেকে প্রকাশ, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন এবং বিভিন্ন ভাষা ও সংস্কৃতিকে বোঝার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও তুলে ধরেছে।