রাজধানীতে ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ভাটারায় সাততলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে ফুয়াদ নাঈম (২৩) নামে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারার সাঈদনগর বড় মসজিদসংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তারা ভাটারার সাঈদনগরে একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় মেস ভাড়া নিয়ে থাকতেন। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে ফুয়াদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
সাদমান আরও জানান, প্রথমে ফুয়াদকে দ্রুত ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। পরে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে তিনি নিচে পড়ে গেছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি সাদমান।
আরও দেখুন: মেধা তালিকায় ২য় হয়ে ছেড়েছেন চাকরি, বেকার অবস্থায় হতাশাগ্রস্থ প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ফয়জুল আলম
নিহত ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার তেঁতুলিয়া গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ফুয়াদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা-পুলিশ তদন্ত করছে।