টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ফের যৌথভাবে শীর্ষে নর্থ সাউথ
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর (পাবলিক ও প্রাইভেট) মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
বৈশ্বিক র্যাঙ্কিংয়ে চারটি বিশ্ববিদ্যালয়ই ৮০১-১০০০ ব্যান্ডে অবস্থান করছে। র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সম্ভাব্য ত্রুটির সীমা বিবেচনায় নিয়ে এ ধরনের গ্লোবাল ব্যান্ড ব্যবহার করা হয়। এ বছর টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংসে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭ প্রকাশ করা হয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক মূল্যায়নের ক্ষেত্রে এটি অন্যতম স্বীকৃত র্যাঙ্কিং হিসেবে বিবেচিত হয়। এ বছরের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ধারাবাহিক অবস্থান বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক মান, গবেষণা, আন্তর্জাতিক সম্পৃক্ততা ও স্নাতকদের ফলাফল উন্নয়নে চলমান প্রচেষ্টার প্রতিফলন। প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে।
আরও খবর: ৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আরও এগিয়ে নিতে গবেষণা, একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস বিশ্বের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং। এতে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।