২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬

বিজেএসে সুপারিশপ্রাপ্ত হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী  © টিডিসি সম্পাদিত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত ১৮তম বিজেএস পরীক্ষার ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। পরীক্ষার বিভিন্ন ধাপ সফলভাবে পেরিয়ে তারা সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মেহেদী হাসান, ব্রিটানিয়া ইউনিভার্সিটির তৌহিদা সুলতানা, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের মো. আরিফুল হক, ড্যাফোডিল ইউনিভার্সিটির শরীফ সালমান রহমান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শায়লা পারভীন শারনা, ইস্টার্ন ইউনিভার্সিটির জান্নাতুল রুকাইয়া এবং গণ বিশ্ববিদ্যালয়ের অনামিকা মজুমদার পিংকি।

আরও পড়ুন: ১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়

জানা যায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল রুকাইয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তিনি যখন কোনো কিছু করতে চান, তখন শুধু তাকে বলেন, ‘হও’, আর তা হয়ে যায়।’ (সূরা ইয়াসিন, আয়াত ৮২)। এরপর তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। জান্নাতুল রুকাইয়া, সিভিল জজ (সুপারিশপ্রাপ্ত), বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস।’