মেধাস্বত্ব ও পেটেন্ট সহায়তা জোরদারে এনএসইউ-ডিপিডিটির মধ্যে সমঝোতা স্মারক
মেধাস্বত্ব, পেটেন্ট সুরক্ষা, উদ্ভাবন এবং প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতা জোরদার করতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর এনএসইউ ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এনএসইউ টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) আয়োজিত ‘পেটেন্টের ক্ষেত্রে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টারের (টিআইএসসি) ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
সেমিনারে ডিপিডিটি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এনএসইউর শীর্ষ নেতৃত্ব, শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে অনুষ্ঠিত আলোচনায় এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী গবেষক ও উদ্ভাবকদের জন্য পেটেন্ট ও মেধাস্বত্ব সুরক্ষার প্রক্রিয়াকে আরও সহজ ও সবার জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে সৃষ্ট মেধাস্বত্ব সুরক্ষার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে স্থানীয় উদ্ভাবনকে শক্তিশালী করা সম্ভব হবে এবং দেশ আরও বেশি আত্মনির্ভরতার দিকে এগিয়ে যেতে পারবে।
সেমিনারে দেশের পেটেন্ট ও মেধাস্বত্বের বর্তমান পরিস্থিতি এবং গবেষক ও উদ্ভাবকদের জন্য বিদ্যমান সুযোগ নিয়ে বক্তব্য দেন ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক মো. হাবিবুর রহমান এবং পরিচালক ড. অশোক কুমার রায়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রোগ্রাম অফিসার আবু তালেব মো. মুনির এবং প্রোগ্রাম অফিসার মো. ফেরদৌসর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে এনএসইউর কোষাধ্যক্ষ, চারটি স্কুলের ডিন, শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
সমঝোতা স্মারকের আওতায় মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পেটেন্ট-সংক্রান্ত কার্যক্রমে সহায়তা এবং গবেষণার বাণিজ্যিকীকরণ ও প্রযুক্তি হস্তান্তরের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে এনএসইউ ও ডিপিডিটির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ তৈরি হবে।
এ সহযোগিতার ফলে এনএসইউর শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও উদ্ভাবকেরা মেধাস্বত্ব সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা পাওয়ার ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এ সমঝোতা স্মারক স্বাক্ষরকে উদ্ভাবন, মেধাস্বত্ব সুরক্ষা এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য আরও শক্তিশালী একটি পরিবেশ গড়ে তুলতে এনএসইউর চলমান প্রচেষ্টার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।