একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শিক্ষার্থীর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী আরফীন রিফাত ও জান্নাতুল ফেরদৌস ইবনাতের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে।
জান্নাতুল ফেরদৌস ইবনাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ (২৩২ ব্যাচ, ৬৫তম ব্যাচ)-এর শিক্ষার্থী ছিলেন। রোববার রাত আনুমানিক ১০টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শেখ মুহাম্মদ আল্লাইয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা চানগাঁওয়ের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দেন ইবনাত। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইবনাত একটি চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এছাড়া প্রায় এক বছর আগে বিরুলিয়া ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওই সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন।
এদিকে একই দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাতেরও মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোক জানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরফীন রিফাত এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ইবনাত-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
ইবনাতের অকালমৃত্যুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার, তার সহপাঠী এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।