ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টার-এর নবীন বরণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাঁরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখছেন না। গবেষণা, উচ্চ শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ফান্ড প্রদানে ইউজিসি শুধুমাত্র ‘মেরিট’কেই প্রাধান্য দিচ্ছে। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সরকার শতকরা ৫ ভাগ কমিয়েছেন, আরও ৫ ভাগ কমানোর জন্য তাঁরা চেষ্টা করছেন বলে জানান।
প্রতিষ্ঠার ৩০ বছরে নানা সাফল্য অর্জনের জন্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অধ্যাপক ড. মামুন আহমেদ অভিনন্দন জানান। সেইসাথে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সময়ে বিভিন্ন ক্লাবে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ৩০ বছর আগে যে দেশের নিম্ন মধ্যবিত্ত ঘরের মেধাবী সন্তানদের মান সম্পন্ন উচ্চ শিক্ষা দেবার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, তার অনেকটাই বাস্তবায়ন করতে পেরেছেন। এখানকার উদ্বৃত্ত অর্থ নানান ধরনের বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের পেছনে খরচ করা হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, আমরা একইসাথে শিক্ষার্থীদের জ্ঞান এবং যুগের চাহিদা অনুযায়ী দক্ষ হিসেবে তৈরি করি। তাই, এখানকার গ্রাজুয়েটরা সুনামের সাথে দেশে বিদেশে কাজ করতে পারে।
অনুষ্ঠানে বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অনুষদের ডিন অধ্যাপক ড. অনুপ চৌধুরী এবং নবীনদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। আলোচনা শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্লাব ফর পারফর্মিং আর্টস (ইসিপিএ) এবং দেশের খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী খাইরুল আনাম শাকিলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।