নবীনদের বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটির এআইএস বিভাগের
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যতিক্রমী আয়োজন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ। নবীন বরণ উপলক্ষে সেমিনার, ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
আয়োজকরা জানান, নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করার পাশাপাশি তাদের মধ্যে পেশাগত দক্ষতা, ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।
সেমিনারে ‘ফ্রম অ্যাকাউন্টিং এডুকেশন টু প্রফেশনাল এক্সিলেন্স: অপরচুনিটিজ, স্কিলস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ’ শীর্ষক বিষয়ে আলোচনা হয়। এতে অ্যাকাউন্টিং শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারে মূল বক্তা ছিলেন ব্র্যাক ঢাকার ইন্টারনাল অডিট বিভাগের ম্যানেজার সারমিন আক্তার মিতু, এসিএ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।
সেমিনার শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে গত ৬ সেপ্টেম্বর নবীন বরণকে আরও অর্থবহ ও পরিবেশবান্ধব করতে বিএইউএসটি ক্যাম্পাসে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এআইএস বিভাগের ৫৫ জন নবীন শিক্ষার্থীর প্রত্যেকে একটি করে বৃক্ষ রোপণ করেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর স্পন্সরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, ক্যাম্পাস সবুজায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম রেজা, পিএইচডি (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, বিজিওএম, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।