০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

দেশের প্রথম রোবোটিক সার্জারি ইউনাইটেড হেলথকেয়ারে, চিকিৎসায় নতুন যুগের সূচনা

সংবাদ সম্মেলন  © সৌজন্য প্রাপ্ত

বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি সম্পন্ন করেছে ঢাকার মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর রোবোটিক সার্জিক্যাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের চিকিৎসাখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (৩১ আগস্ট) ইউনাইটেড হেলথকেয়ারে দুটি সফল রোবোটিক অস্ত্রোপচার করা হয়। এর মধ্যে অধ্যাপক ডা. রফিকুস সালেহীন পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর সফল রোবোটিক কোলেসিস্টেকটমি করেন। একই দিনে অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর ওপর সফল রোবোটিক হিস্টেরেকটমি সম্পন্ন করেন।

অত্যাধুনিক ‘Medbot Toumai Endoscopic Surgical Robot’-এর সহায়তায় এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিমের সহযোগিতায় অস্ত্রোপচার দুটি সম্পন্ন হয়।

রোবোটিক সার্জারিতে চিকিৎসকরা শরীরের ভেতরের অংশ 3D প্রযুক্তির মাধ্যমে স্পষ্টভাবে দেখতে পারেন। পাশাপাশি রোবোটিক আর্ম ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে শরীরের অত্যন্ত সংকীর্ণ ও জটিল স্থানেও অস্ত্রোপচার করা সম্ভব। এতে আক্রান্ত স্থানে সহজে পৌঁছানো, আশপাশের টিস্যুর ক্ষতি কমানো এবং কম কাটাছেঁড়ায় অস্ত্রোপচার করার সুযোগ তৈরি হয়। এর ফলে রক্তক্ষরণ ও অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা কমানোর পাশাপাশি রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বাড়ে।

দেশে প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন হওয়ার বিষয়ে অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বলেন, ‘রোবোটিক সার্জারি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি অত্যাধুনিক প্রযুক্তি, যেখানে প্রযুক্তির সমন্বয়ে চিকিৎসকরা আরও নিখুঁতভাবে অস্ত্রোপচার করতে পারেন। রোবোটিক আর্ম ৩৬০-ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, যা মানুষের হাতের স্বাভাবিক নড়াচড়ার চেয়ে অনেক বেশি। ফলে শরীরের খুব সংকীর্ণ ও জটিল জায়গাতেও আরও নিখুঁতভাবে কাজ করা সম্ভব হয়। এতে রক্তনালি ও আশপাশের গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদ রাখা, কম কাটাছেঁড়ায় চিকিৎসা করা, রক্তক্ষরণ কমানো এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়।’

অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) বলেন, ‘রোবোটিক সার্জারির এই কার্যক্রম খুব শিগগিরই কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও থোরাসিক সার্জারিতে আরও বিস্তৃত করা হবে। আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, যেসব উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যেতে হয়, তাদের দেশের মাটিতেই বিশ্বমানের চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি করা।’

তিনি আরও বলেন, ‘এর ফলে রোগীরা দেশেই প্রয়োজনীয় চিকিৎসা পাবেন এবং বিদেশে চিকিৎসার জন্য বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণও কমবে।’

ইউনাইটেড হেলথকেয়ার জানিয়েছে, রোবোটিক সার্জারি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর আরও বিস্তৃত হয়েছে। দেশের মানুষের কাছে উন্নত চিকিৎসা প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি জরুরি ও ক্রিটিক্যাল কেয়ার, উন্নত রোগ নির্ণয় এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান ও সেবার অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি দেশের মানুষের ক্রমবর্ধমান চিকিৎসা চাহিদা পূরণ এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমানোর লক্ষ্যেও কাজ করছে ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিষ্ঠানটির দাবি, এ উদ্যোগের মাধ্যমে দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।