০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪

এআইইউবিতে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত

তিন দিনব্যাপী প্রদর্শনী  © সৌজন্য প্রাপ্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে শিক্ষার্থীদের অ্যানিমেশন, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ডিজিটাল শিল্প ও ইন্টারঅ্যাকটিভ গল্প বলা নিয়ে তিন দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে ‘বিয়ন্ড দ্য ফ্রেম: স্টোরিজ ইন অগমেন্টেড রিয়েলিটি’ শীর্ষক এ প্রদর্শনী গত ২৩ আগস্ট এআইইউবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট। তিনি তাঁর বক্তব্যে বিশ্ব অ্যানিমেশন শিল্পে ফিলিপাইনের অগ্রগতির কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, এই আয়োজন বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ভবিষ্যৎ সৃজনশীল ও প্রযুক্তিগত সহযোগিতার পথ সুগম করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান এবং সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা। ড. কারমেন জানান, অ্যানিমেশন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে এআইইউবি শিগগিরই একটি নতুন একাডেমিক বিভাগ চালুর পরিকল্পনা করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, স্বাগত বক্তা প্রভাষক রানি এলেন ভি. রামোস এবং সমাপনী বক্তা হিসেবে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বক্তব্য রাখেন। প্রদর্শনীতে শিক্ষার্থীদের নির্মিত এআর-ভিত্তিক ভিজ্যুয়াল, অ্যানিমেশন ও ডিজিটাল শিল্পকর্ম প্রর্দশিত হয়, যা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রশংসা কুড়ায়।