২৭ আগস্ট ২০২৬, ১২:৩২

জাঁকজমকপূর্ণ আয়োজনে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন

জেডএনআরএফ ইউনিভার্সিটিতে ফ্রেশার্স ওরিয়েন্টেশন  © টিডিসি সম্পাদিত

রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যান্ড রিসেপশন-ফল ২০২৬।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া এবং বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান হাউস বাংলাদেশ-এর ডিরেক্টর মিস আলেক্সান্দ্রা এ. খ্লেভনয়। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ আলী, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জুবায়েরুর রহমান বলেন, ‘জেডএনআরএফ ইউনিভার্সিটির লক্ষ্য শুধু শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া নয়; বরং কর্মসংস্থানযোগ্য ও দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে তাদের গড়ে তোলা।’

তিনি বলেন, ‘বর্তমান চাকরির বাজারে একাডেমিক ডিগ্রির পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি চাকরির বাজারের উপযোগী অতিরিক্ত দক্ষতা অর্জনের সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে সাশ্রয়ী খরচে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।’

নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও যোগ্যতা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে ভাইস চ্যান্সেলর তাদের উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করেন।

বিশেষ অতিথি রাশিয়ান হাউস বাংলাদেশ-এর ডিরেক্টর মিস আলেক্সান্দ্রা এ. খ্লেভনয় বলেন, ‘জেডএনআরএফ ইউনিভার্সিটির শিক্ষকরা ইতোমধ্যে রাশিয়া সরকারের আমন্ত্রণে ফুল-ফান্ডেড প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। চলতি বছরও বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা একই ধরনের সুযোগে রাশিয়া সফর করবেন।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা যদি দক্ষতা উন্নয়নে মনোযোগী হয়, তাহলে ভবিষ্যতে জেডএনআরএফ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরও বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামে প্রতিনিধি হিসেবে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।’

আরও দেখুন: ৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নতুন দক্ষতা অর্জন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শুরু থেকেই নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়। ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যান্ড রিসেপশন-ফল ২০২৬ এর মধ্য দিয়ে জেডএনআরএফ ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।

নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্তে।

অনুষ্ঠানের সার্বিক তথ্য জানান জেডএনআরএফ ইউনিভার্সিটির সহকারী পরিচালক (অ্যাডমিশন, মার্কেটিং ও পিআর) মোশারফ আদনান।