বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেমিনার ও সিরাত মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক সেমিনার ও সিরাত মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষাকে স্মরণ এবং তা ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণের গুরুত্ব তুলে ধরতে এ সেমিনার ও সিরাত মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন, শাইখুল হাদিস, জামেয়া হোসাইনিয়া দারুল আরকাম, শাইখুল হাদিস, জামেয়া হোসাইনিয়া দারুল আরকাম, মিরপুর-১১ ও খতীব, বনানী সেন্ট্রাল জামে মসজিদ এবং মসজিদুল ফেরদৌস, মিরপুর-০২। তিনি মহানবী (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মহানবী (সা.) এর শিক্ষা মানুষকে সত্য, ন্যায়, দয়া, সহমর্মিতা ও সুন্দর চরিত্র গঠনের পথ দেখায়। তাঁর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটি এর রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থনীতি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি এর উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী মহানবী (সা.) এর জীবনাদর্শকে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন নয়। নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের বিকাশও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সেমিনার ও সিরাত মাহফিলে মহানবী (সা.) এর জীবন ও কর্ম, তাঁর মহানুভবতা, ন্যায়বোধ, মানবিকতা এবং শান্তির শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিইউবিটি এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।