দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
দেশে নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের নাম ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি), ঠাকুরগাঁও’। ঠাকুরগাঁও সদরের পূর্ব নারগুন নামক জায়গায় অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়টি।
এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো ১১৭টি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত আজ সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ‘ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি বিএনপির সদ্য সাবেক মহাসচিব এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘনিষ্ঠ বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে আছে সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। এরকমভাবে মোট ৩১টি শর্ত মানতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএসডিও জানায়, বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, ঠাকুরগাঁওবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই অনুমোদনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওসহ বৃহত্তর উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে ইএসডিও।