১৬ আগস্ট ২০২৬, ১৭:৫৮
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় অলি নূর নামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক ছাত্র নিহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) আগারগাঁও চীন-মৈত্রী মাঠ সংলগ্ন সড়কে সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অলি নূরের বন্ধু আরিফুর রহমান বলেন, সকাল ১০টার দিকে অলি নূর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। চীন-মৈত্রী মাঠ সংলগ্ন সড়কে একটি ব্যাটারিচালিত রিকশা তাকে অসাবধানতাবশত মোড় নিয়ে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। সেই মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগতির আইসক্রিম পরিবহনকারী ট্রাক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পেরে অলি নূরের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।