সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ ‘বিইটিএ বাজেট ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস' শীর্ষক দিনব্যাপী একটি আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বাজেট প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় শিক্ষার্থী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের জাতীয় রাজস্ব ও আর্থিক নীতি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লতিফুল হক। তিনি তার বক্তব্যে অর্থনৈতিক গবেষণায় প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও নীতি বিশ্লেষণের বাস্তব গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশের রাজস্বনীতি, করব্যবস্থা ও সরকারি ব্যয় নিয়ে একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাটি সঞ্চালনা করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
প্যানেল আলোচনায় অংশ নেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য অ্যাডভোকেট নিয়াজ আহমেদ; অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব মো. মনজুরুল হক; সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম; জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার, ট্যাক্সেস জোন-২, ঢাকা, ড. মো. নুরুল আমিন; এক্সপোর পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম এইচ খসরু, এফসিএ; এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (কাস্টমস: পলিসি অ্যান্ড আইসিটি) মো. তারেক হাসান।
আলোচনায় জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বিশেষ গুরুত্ব পায়। প্যানেলিস্টরা উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বর্তমানে জিডিপির প্রায় ২ শতাংশের মধ্যে রয়েছে, যা নির্ধারিত ৩.৫ থেকে ৪ শতাংশ লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তারা আরও বলেন, বরাদ্দের একটি বড় অংশ উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিবর্তে পরিচালন ব্যয়ে ব্যয় হয়। অতীতের বাজেটগুলোতেও শিক্ষক কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নের তুলনায় অবকাঠামোগত উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্থনৈতিক নীতি ও সরকারি অর্থব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এনটিভির নিউজ প্রেজেন্টার ও জুডোর সাবেক সভাপতি মুশফিক উস সালেহীন ‘বাজেট ২০২৬’ শীর্ষক পলিসি ডিবেট পরিচালনা করেন। এতে অংশগ্রহণকারী দলগুলো সমসাময়িক অর্থনৈতিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে এবং সরকারি নীতির মূল্যায়ন করে। এ ছাড়া কেস স্টাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো বাস্তব বাজেট-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করে।
কেস স্টাডি প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক ফাহিমা কবির; একই বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর (এমডিএস) ড. ওয়াসিম আকরাম; সহকারী অধ্যাপক ড. জাসিয়া তাহজীদা; ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) রিসার্চ অ্যানালিস্ট (পভার্টি, জেন্ডার অ্যান্ড ইনক্লুশন ইউনিট) মো. সাদাত আনোয়ার; এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মামতাজুল জান্নাত।
প্রতিযোগিতা শেষে ‘বাজেট আর্চিটেক্টস’ চ্যাম্পিয়ন এবং ‘ম্যাংগো পিপল’ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলগুলো দলগত কাজ, বাস্তবভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা এবং জটিল অর্থনৈতিক বিষয় কার্যকরভাবে উপস্থাপনের দক্ষতার জন্য প্রশংসিত হয়।
অনুষ্ঠানের আয়োজকরা প্রধান অতিথি, প্যানেলিস্ট, শিক্ষক, বিচারক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ আয়োজন জাতীয় অর্থনৈতিক নীতি নিয়ে গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের প্রমাণভিত্তিক নীতি বিশ্লেষণ ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।