ডিআইইউতে অর্থনীতি বিভাগের রিসার্চ মনোগ্রাফ কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘রিসার্চ মনোগ্রাফ কর্মশালা: বেসিক থেকে অ্যাডভান্সড গবেষণা ধারণা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (এসটিসি) আয়োজিত এ কর্মশালায় অর্থনীতি বিভাগের ১৪তম, ১৫তম ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শামীমা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের পরিচালক মোহাম্মদ শাহ আলম চৌধুরী। এছাড়াও অর্থনীতি বিভাগের সকল শিক্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিভাগের চেয়ারম্যান শামীমা আক্তার উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নে গবেষণার অপরিহার্য গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মানসম্মত গবেষণার মাধ্যমে সমালোচনামূলক চিন্তাশক্তি, বিশ্লেষণধর্মী দক্ষতা এবং একাডেমিক সততা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, একটি সুপ্রস্তুত রিসার্চ মনোগ্রাফ শুধু একাডেমিক বাধ্যবাধকতা নয়; বরং বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে বাস্তব জীবনের আর্থ-সামাজিক সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার, গবেষণা পদ্ধতিগত জ্ঞান আরও সমৃদ্ধ করার এবং একাডেমিক লেখালেখিতে নৈতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।
বক্তব্যের শেষে তিনি আশা প্রকাশ করেন, এ কর্মশালা শিক্ষার্থীদের মানসম্পন্ন গবেষণা পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং সমাজ ও দেশের উন্নয়নে অর্থবহ অবদান রাখতে তাদের অনুপ্রাণিত করবে।
জানা যায়, শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় গবেষণার মৌলিক ধারণা, গবেষণা সমস্যা নির্ধারণ ও সমাধান, সাহিত্য পর্যালোচনা ও তাত্ত্বিক কাঠামো, গবেষণা নকশা ও নমুনা নির্বাচন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং একটি মানসম্মত রিসার্চ মনোগ্রাফ প্রণয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইন্টারঅ্যাকটিভ সেশন, বাস্তবধর্মী উদাহরণ এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণার তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, গবেষণাভিত্তিক শিক্ষা ও মানসম্মত একাডেমিক গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে অর্থনীতি বিভাগ ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত রাখবে। একই সঙ্গে এই সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের পরিচালক, অর্থনীতি বিভাগের সকল শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতা বৃদ্ধি, একাডেমিক উৎকর্ষ অর্জন এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে অর্থনীতি বিভাগ তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।