০৩ আগস্ট ২০২৬, ১৭:৪২

অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে ষষ্ঠ, এশিয়ায় সেরা গ্রিন ইউনিভার্সিটি

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ মার্স রোভার টিম  © সংগৃহীত

আন্তর্জাতিক স্পেস রোবোটিক্স প্রতিযোগিতা অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬-এ বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) মার্স রোভার টিম। একই সঙ্গে এশিয়ার অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি ‘মোস্ট রেজিলিয়েন্ট টিম’ (Most Resilient Team) সম্মাননাও পেয়েছে দলটি। 

আজ সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের যুগ্ম রেজিস্টার মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রাথমিকভাবে ৪০টির বেশি আন্তর্জাতিক দল অংশগ্রহণ করলেও কঠোর বাছাই শেষে ২০টি দল ফাইনালে ওঠে। সেই ফাইনালিস্টদের মধ্যে গ্রিন ইউনিভার্সিটির দল বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন করে এবং এশিয়ার সেরা দল হিসেবে স্বীকৃতি পায়। 

প্রতিযোগিতাজুড়ে অধ্যবসায়, প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ় মনোবল, সমস্যা সমাধানের দক্ষতা এবং দলগত চেতনার স্বীকৃতিস্বরূপ জিইউবি মার্স রোভার টিম ‘মোস্ট রেজিলিয়েন্ট টিম’ সম্মাননা লাভ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মার্স রোভারের নকশা, স্বয়ংক্রিয় পরিচালনা, প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং দলগত সমন্বয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। 

এ সাফল্যে অভিনন্দন জানিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, আজকের এই অর্জন শুধু গ্রিন ইউনিভার্সিটির নয়, সমগ্র বাংলাদেশের। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্পেস রোবোটিক্স প্রতিযোগিতায় বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন, এশিয়ার সেরা দল হিসেবে স্বীকৃতি এবং ‘মোস্ট রেজিলিয়েন্ট টিম’ সম্মাননা লাভ আমাদের শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও উদ্ভাবনী শক্তির আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে, সঠিক দিকনির্দেশনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং নিরলস পরিশ্রম থাকলে বাংলাদেশের তরুণরাও বিশ্বসেরাদের সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে পারে। এই অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা, প্রকৌশল শিক্ষা এবং তরুণ উদ্ভাবকদের সক্ষমতার একটি শক্তিশালী আন্তর্জাতিক স্বীকৃতি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্পেস রোবোটিক্স প্রতিযোগিতা। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত মার্স রোভার নিয়ে এতে অংশ নেন। বাস্তবধর্মী মহাকাশ অভিযানের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর প্রকৌশল দক্ষতা, প্রযুক্তিগত উদ্ভাবন, স্বয়ংক্রিয় পরিচালনা, দলগত সমন্বয় এবং সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করা হয়।