জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প
জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা।
আজ শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৭ ও ৮ নম্বর গেট এবং ইউনুস খান স্কলার গার্ডেন-১-এর মধ্যবর্তী আমিন মোহাম্মদ গ্রুপের মসজিদ ও এতিমখানা মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
‘জুলাই শহীদ স্মৃতি’ শীর্ষক এ কর্মসূচিতে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও আশপাশের এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তিন শতাধিক মানুষ সেবা নেন বলে আয়োজকরা জানান। সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।
ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা, রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এছাড়া নিউরো, চর্ম ও যৌন, মনোরোগ, মেডিসিন এবং গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকি। ইসলামী ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী আমাদের পাঁচটি কর্মপদ্ধতির অন্যতম একটি হলো শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করা। সেই দায়িত্ববোধ থেকেই আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। মূলত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আশপাশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চর্মরোগ, গাইনি ও অন্যান্য বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন। পাশাপাশি রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং বিভিন্ন প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আমরা একটি সমন্বিত মেডিকেল ক্যাম্প আয়োজনের চেষ্টা করেছি।
সিবগাতুল্লাহ আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে আমরা জুলাইয়ের শহীদদের স্মৃতিকে ধারণ করতে চাই। জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেই অবদান এবং আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই ‘জুলাই শহীদ স্মৃতি’ শিরোনামে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে শান্ত তালুকদার বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন বাংলাদেশের অনুপ্রেরণার উৎস। তাঁদের আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে মানবিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং জনসেবার চেতনা বিকাশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসাসেবা নিতে আসা এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন যদি পারস্পরিক সংঘাত, সহিংসতা বা নেতিবাচক প্রতিযোগিতার পরিবর্তে শিক্ষার্থীদের জন্য জনকল্যাণমূলক ও সেবামূলক কাজে ইতিবাচক প্রতিযোগিতা করে, তাহলে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব হয়ে উঠবে। শিক্ষার্থীরা এমন ছাত্ররাজনীতিই দেখতে চায়, যেখানে মতভেদ থাকলেও শিক্ষার্থীদের কল্যাণই হবে সবার অগ্রাধিকার।