সাউথইস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির ‘বিজনেশন ৩.০’ অনুষ্ঠিত
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির আয়োজনে এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় জাতীয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা ‘বিজনেশন ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্প্রতি ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, পাকিস্তান, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশ থেকে ৩০০টিরও বেশি দল অংশ নিয়ে প্রতিযোগিতাটিকে আন্তর্জাতিক মাত্রা দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার।
কয়েক সপ্তাহব্যাপী বিভিন্ন ধাপে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ব্যবসায়িক কৌশল প্রণয়ন, উদ্ভাবনী চিন্তাভাবনা, সমস্যা বিশ্লেষণ এবং বাস্তবসম্মত সমাধান উপস্থাপনের দক্ষতা মূল্যায়ন করা হয়।
প্রতিযোগিতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘টিম পিকি ব্লাইন্ডার্স’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম জিরো জিরো সেভেন’ প্রথম রানারআপ হয়। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘টিম এসপ্রেস’ দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানে আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটির সভাপতি আরফাত জামি বলেন, ‘বিজনেশন ৩.০ শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান এবং করপোরেট পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।’ তিনি প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য অংশগ্রহণকারী, বিচারক, সহযোগী প্রতিষ্ঠান, অতিথি এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ‘বিজনেশন ৩.০’ দেশের তরুণদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, নেতৃত্বের গুণাবলি এবং ব্যবসায়িক দক্ষতা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আবারও নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।