৩০ জুলাই ২০২৬, ১৯:২৩

শ্রেণিকক্ষ থেকে শিল্পপ্রতিষ্ঠানে, শাহ সিমেন্ট কারখানা পরিদর্শনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষ থেকে শিল্পপ্রতিষ্ঠানে, শাহ সিমেন্ট কারখানা পরিদর্শনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা  © সংগৃহীত

শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে মুন্সিগঞ্জে অবস্থিত শাহ সিমেন্ট কারখানা পরিদর্শন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক শিল্প পরিদর্শনে ১১০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক অংশ নেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা এবং প্রভাষক ফারজানুল ইসলাম হিমেলের নেতৃত্বে পুরো পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনের সময় শিক্ষার্থীরা শাহ সিমেন্টের আধুনিক ও বৃহৎ পরিসরের উৎপাদন ব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন। তারা বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) ঘুরে দেখেন এবং এর কার্যপ্রণালি, প্রযুক্তি ও সিমেন্ট উৎপাদনে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

এ ছাড়া সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, সেগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থীরা। আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা কীভাবে পরিচালিত হয়, তা জানার জন্য তারা ফ্যাক্টরির সেন্ট্রাল কন্ট্রোল রুমও পরিদর্শন করেন। সেখানে উৎপাদন প্রক্রিয়ার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

শিল্প পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ল্যাবরেটরি ও কোয়ালিটি কন্ট্রোল বিভাগ ঘুরে দেখেন। সেখানে সিমেন্টের গুণগত মান নিশ্চিত করতে পরিচালিত বিভিন্ন পরীক্ষা, মান নিয়ন্ত্রণ পদ্ধতি এবং পরীক্ষাগারভিত্তিক কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করেন।

এ ছাড়া সিমেন্টের ব্যাগ উৎপাদন কারখানাও পরিদর্শন করেন তারা। সেখানে বৃহৎ পরিসরে ব্যাগ তৈরির প্রক্রিয়া, ব্যবহৃত প্রযুক্তি এবং উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি স্টোরেজ ও উপকরণ সংরক্ষণ ব্যবস্থা ঘুরে দেখে কাঁচামাল ও প্রস্তুত পণ্যের সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কেও ধারণা নেন শিক্ষার্থীরা।

পরিদর্শনের শেষ পর্যায়ে একটি সংক্ষিপ্ত সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সিমেন্ট উৎপাদন, কাঁচামাল, মান নিয়ন্ত্রণ, আধুনিক উৎপাদন প্রযুক্তি, শিল্প ব্যবস্থাপনা এবং প্রকৌশল-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ পান। এই পর্বের মাধ্যমে একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর সুযোগ তৈরি হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই শিল্প পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু সিমেন্ট উৎপাদনের বিভিন্ন ধাপই প্রত্যক্ষ করেননি, বরং একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে প্রকৌশল জ্ঞান, আধুনিক প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব প্রয়োগ সম্পর্কেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মতে, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও শিল্পমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সুযোগ পান।

শিক্ষামূলক এই পরিদর্শন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও আন্তরিক আতিথেয়তার জন্য শাহ সিমেন্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ভাষ্য, এই পরিদর্শন শিক্ষার্থীদের জন্য শিক্ষা, প্রযুক্তি ও বাস্তব শিল্প-অভিজ্ঞতার এক কার্যকর সমন্বয় হিসেবে ভবিষ্যৎ প্রকৌশলী হয়ে ওঠার পথকে আরও সমৃদ্ধ করবে।