জানা গেল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে। এবার উচ্চশিক্ষার জন্য ভর্তি প্রস্তুতি শুরু করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এরই মধ্যে দেশের কয়েকটি শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় ফল-২০২৬ এবং স্প্রিং-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রকাশিত তথ্য এবং ভর্তি-সংক্রান্ত আপডেট অনুযায়ী এসব তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়গুলোর ঘোষিত সূচি অনুযায়ী- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ফল-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জুলাই, নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-এর ফল-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ আগস্ট, ব্র্যাক ইউনিভার্সিটি ফল-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা নেবে ৭ আগস্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট। এছাড়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ফল-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজন করবে ২১ আগস্ট।
অন্যদিকে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ফল-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এটিকে সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্প্রিং-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর আয়োজনের পরিকল্পনা করেছে। এটিও সম্ভাব্য তারিখ হিসেবে প্রকাশ করা হয়েছে।