২২ জুলাই ২০২৬, ২০:৪৫

দক্ষ সফটওয়্যার ডেভেলপার গড়তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী কর্মশালা

দক্ষ সফটওয়্যার ডেভেলপার গড়তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী কর্মশালা  © সংগৃহীত

তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘Full Stack Web Development Workshop 2026’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের (পিইউপিসি) আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কম্পিউটার ল্যাবে কর্মশালাটির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, আধুনিক ওয়েব প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এই কর্মশালার মূল লক্ষ্য। এতে অংশগ্রহণকারীরা MERN Stack—MongoDB, Express.js, React এবং Node.js ব্যবহার করে বাস্তবধর্মী ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, ডাটাবেস ইন্টিগ্রেশন, API ডেভেলপমেন্ট এবং অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন পিইউপিসির মডারেটর অর্ক শিকদার, বিভাগের শিক্ষকবৃন্দ, ক্লাবের সদস্য এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ড. শহিদুল ইসলাম খান বলেন, বর্তমান বিশ্বে সফটওয়্যার শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং দক্ষ ফুল স্ট্যাক ডেভেলপারের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবভিত্তিক দক্ষতাই একজন শিক্ষার্থীকে কর্মক্ষেত্রে এগিয়ে রাখে। তাই শিক্ষার্থীদের এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রাকিবুল ইসলাম, সিনিয়র ডেভেলপার, Trend Watchers, LLC (USA) এবং Fastest Creators-এর সহ-প্রতিষ্ঠাতা। তিনি অংশগ্রহণকারীদের React, Node.js, Express.js ও MongoDB ব্যবহার করে পূর্ণাঙ্গ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির বিভিন্ন ধাপ বাস্তবভিত্তিকভাবে শেখাবেন।

আয়োজকদের ভাষ্য, কর্মশালায় ইন্টারঅ্যাকটিভ সেশন, লাইভ কোডিং এবং বাস্তব প্রকল্পভিত্তিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদও প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য দক্ষ সফটওয়্যার ডেভেলপার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশ-বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।