হামহাম জলপ্রপাতে ভ্রমণে গিয়ে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাত ভ্রমণে গিয়ে পিছলে আহত হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিএসই বিভাগের এক শিক্ষার্থী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের যৌথ অভিযানে আহত শিক্ষার্থীসহ ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ সদস্যের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। তাদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী এবং বাকি দুজন তাদের বন্ধু।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন তানভীর আহমদ অনিক, আলিফ নূর, সাকিল আহমেদ, জোবায়ের আহমেদ, শিহাব শাহরিয়ার, আরাফাত হোসেন অনিক, আরাফাত হোসেন, জাহিদ হাসান সাকিব। তাদের সঙ্গে ছিলেন রায়হান আহমেদ ও অনিক বাবু।
টানা বৃষ্টির কারণে পাহাড়ি ছড়া ও পাথর অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ায় জলপ্রপাতের পথে বেলা আড়াইটার দিকে সিএসই বিভাগের শিক্ষার্থী তানভীর আহমদ অনিক পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ দিয়ে আহত সহপাঠীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার অভিযানের পর বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আহত তানভীর আহমদ অনিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকি নয়জন সুস্থ ছিলেন।
ভ্রমণকারী দলের সদস্য আলিফ নূর বলেন, ‘ওই এলাকা ছিল অনেকটাই দুর্গম। আমরা আসলে বুঝিনি বর্ষা মৌসুমে পরিস্থিতি এতটা খারাপ হবে। সেখানে যাওয়ার আগে কোনো সতর্কতামূলক নির্দেশনাও আমাদের নজরে আসেনি। পথে আমাদের একজন সহযাত্রী হাতে আঘাত পাওয়ায় তাকে নিয়ে ফেরা সম্ভব হচ্ছিল না। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন। আহত তানভীরকে আরেকজনের সঙ্গে গতকালই ঢাকায় পাঠিয়ে দিয়েছি। আমরা আজ ঢাকায় ফিরব।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’