১২ জুলাই ২০২৬, ১২:৫৯

হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা

দৌড় প্রতিযোগিতা  © সৌজন্য প্রাপ্ত

হেলথ ফেস্ট ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব (এনএসইউ পিএইচএসসি) ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় ১০ জুলাই একটি ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ১৪ থেকে ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তিন দিনব্যাপী হেলথ ফেস্টকে ঘিরে জনসচেতনতা তৈরি এবং অংশগ্রহণ বাড়ানোই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

দৌড় প্রতিযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের সাধারণ প্রতিযোগীরাও অংশ নেন। সকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এই দৌড় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শুরু হয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়।

আয়োজকদের মতে, এই ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হেলথ ফেস্ট ২০২৬-এর অন্যতম প্রস্তুতিমূলক আয়োজন। ভোরের এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শারীরিক সুস্থতা ও সামাজিক সম্প্রীতির পরিবেশ তৈরি করে।

এনএসইউ পিএইচএসসির পক্ষ থেকে জানানো হয়, ৫ কিলোমিটার দৌড় ও যোগব্যায়াম সেশন হেলথ ফেস্টের প্রাক-সচেতনতামূলক প্রচারণার অংশ। তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের এই আয়োজনে পোস্টার উপস্থাপন, সেমিনার, কেস স্টাডি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নৈশভোজসহ (অ্যালামনাই ডিনার) বিভিন্ন কার্যক্রম থাকবে।

হেলথ ফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউনাইটেড হেলথকেয়ার এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।