০৮ জুলাই ২০২৬, ১৮:৩৫

বিইউবিটিতে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া

বিশেষ প্রশিক্ষণ ও মহড়া  © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয়, অগ্নি নির্বাপণ কৌশল এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় বিইউবিটি ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্য, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রম, আগুন নিয়ন্ত্রণের কৌশল এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া।

বুধবার বিকেল ৩টায় বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও ট্রাস্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজরি কমিটির উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) ডা. একেএম জাফরুল্লাহ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আলী আহমেদ।

প্রশিক্ষণে অতিথি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ। তিনি ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয়, নিরাপদে সরিয়ে নেওয়ার কৌশল, আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি এবং আহতদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খোলা প্রাঙ্গণে বাস্তবভিত্তিক অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও দায়িত্বে ছিলেন বিইউবিটির প্রক্টর উইং কমান্ডার (অব.) মো. মোমেনুল ইসলাম। আয়োজকরা জানান, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।