আইইউবিতে অনুষ্ঠিত হলো ‘নারী, সংস্কার ও ধর্ম’ শীর্ষক আন্তঃবিষয়ক সেমিনার
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স (জিএসজি) বিভাগের উদ্যোগে ‘উইমেন, রিফর্ম অ্যান্ড রিলিজিয়ন’ শীর্ষক একটি আন্তঃবিষয়ক সেমিনার আয়োজন করা হয়েছে। গত ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ধর্মে নারী-পুরুষের ভূমিকার ব্যাখ্যা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। এরপর বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া হক; সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার সারা হোসেন; এবং লেখক, গবেষক ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সম্পাদক ফিরোজ আহমেদ।
প্যানেল আলোচনা সঞ্চালনা করেন আইইউবির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসেইন। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে আইইউবি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পারিবারিক আইন, ফৌজদারি আইন, ন্যায়বিচার, সমতা এবং নারী-পুরুষের সামাজিক ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আলোচনায় অংশ নেন জুলাই যোদ্ধা, ছাত্র অধিকারকর্মী, সংগঠক এবং সামাজিক ন্যায়বিচার ও শিক্ষা সংস্কারকর্মী উমামা ফাতেমা।
স্বাগত বক্তব্য দেন আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. বখতিয়ার আহমেদ। আরো বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিএসজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মারুফা আক্তার।
সমাপনী বক্তব্য দেন জিএসজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. শাহনেওয়াজ হোসেন। এ আয়োজেনে সার্বিক সহযোগিতায় ছিলো জিএসজি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ‘দা গ্লোবাল গেইটকিপার্স’।