ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বিশ্বকাপের ম্যাচ দেখলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ উপভোগ করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তার সঙ্গে আর্জেন্টিনা থেকে আগত কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারও উপস্থিত ছিলেন।
রবিবার (২৮ জুন) সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি উপভোগ করতে রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীরা সকাল ৭টার দিকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। ম্যাচ শুরুর আগে তারা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্যাম্পাসের ফুটবলমুখর পরিবেশ ঘুরে দেখেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আল্লাইয়ারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাচ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে জড়ো হন বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও ফুটবলপ্রেমী দর্শক। আর্জেন্টিনার জার্সি, পতাকা, ব্যানার এবং সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। খেলার প্রতিটি মুহূর্তে সমর্থকদের উচ্ছ্বাস ও আবেগ ফুটে ওঠে গ্যালারিজুড়ে।
বিশ্বকাপের শুরু থেকেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফুটবল উন্মাদনা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের উদযাপনের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের ফুটবল সংস্কৃতির প্রতি আন্তর্জাতিক আগ্রহ সৃষ্টি করে।
ফক্স সকার, ইএসপিএন এফসি, মার্কা, টিওয়াইসি স্পোর্টস, দিয়ারিও ওলে এবং জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ও সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ফুটবল উদযাপনের ভিডিও প্রতিনিয়ত স্থান পাচ্ছে। এছাড়া ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের প্রতিক্রিয়া, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যাফোডিলের ব্রাজিল সমর্থকদের ভিডিও শেয়ার এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিসিয়াল প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের উদযাপনের দৃশ্য প্রকাশ আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে আসে।
শিক্ষার্থীরা জানান, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমন একটি আন্তর্জাতিক আয়োজনের অংশ হতে পেরে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত। আর্জেন্টিনার রাষ্ট্রদূতসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতি আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। ফুটবল আমাদের শুধু বিনোদনই দেয় না, এটি ভিন্ন সংস্কৃতি ও দেশের মানুষের সঙ্গে আমাদের সংযোগ তৈরি করে। আজকের এই পরিবেশ প্রমাণ করে, খেলাধুলা সত্যিই মানুষকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম।’