২৫ জুন ২০২৬, ১৫:৪৭

প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সের বাইরে রাখার প্রস্তাব সংসদে

সংসদ অধিবেশন  © সংগৃহীত

জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্যাক্সের আওতার বাইরে রাখার প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহ-৭ আসনের এমপি ডা. মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) সংসদ অধিবেশনের ১৫তম দিনে তিনি এ প্রস্তাব দেন। 

প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সেশন নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় ডা. মাহবুবুর রহমান বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি ইজ রানিং বাই ট্রাস্টি বোর্ড, নন প্রফিট অর্গানাইজেশন। একটা নন-প্রফিট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সেবল হয়? এটা আমাদের মাথায় আসে না। বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে। ইউনিভার্সিটির ওপরে চাঁদাবাজি করেছে। আমি অনুরোধ করব আমাদের সরকারকে, এই সরকার অবশ্যই শিক্ষার জন্য এত কিছু যেহেতু করছে, আই হোপ যে, উনারা এই ট্যাক্স জিনিসগুলো না রেখে ট্রাস্টি বোর্ডকে এর আওতা থেকে বাইরে রাখবে ইউনিভার্সিটিকে।  

এর আগে, রবিবার (২১ জুন) প্রস্তাবিত ২০২৬–২০২৭ অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১০ শতাংশ আয়কর বহাল রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। বিবৃতিতে জানানো হয়, বাজেট ঘোষণার আগে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে আয়কর প্রত্যাহারের বাস্তবিক যৌক্তিকতা তুলে ধরা হলেও এ বিষয়ে প্রত্যাশিত কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি।

এতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, ল্যাবরেটরি, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ ভ্যাট ও কর পরিশোধ করতে হচ্ছে। তার ওপর ১০ শতাংশ আয়কর আদায় করা হলে বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়ন ও সম্প্রসারণ ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে এ ধরনের আর্থিক চাপ পরোক্ষভাবে শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে এবং উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধি করতে পারে।