২৩ জুন ২০২৬, ১৫:৫২

মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের, যাওয়া হলো না অস্ট্রেলিয়ায়

আরাফাত রহমান শাওন  © ফেসবুক থেকে সংগৃহীত

বন্ধুরা মিলে পুরান ঢাকায় বিশ্বকাপ ফুটবলের প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার সময় রাজধানীর ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) রাত সোয়া ১১টার দিকে ফকিরাপুলের রহমানিয়া হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে শাহজাহান মিয়া নামে এক পথচারীও আহত হয়েছেন।

শাওন হাতিরঝিলের মীরেরটেক এলাকায় থাকতেন। তার বাড়ি গাজীপুরের টঙ্গীর নিশাতনগর এলাকায়। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম লুৎফর রহমান। আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তার। তবে তার আগেই চিরবিদায় নিলেন তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আনিফ বলেন, রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেলে করে ওয়ারির উদ্দেশ্যে রওয়ানা হন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্রই শাহজাহান নামে এক পথচারী মোটরসাইকেলের সামনে হঠাৎ চলে আসে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই পথচারীকে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তার। প্রয়োজনীয় সব প্রস্তুতিও নিয়েছিলেন শাওন।

নিহত শাওনের মা সুলতানা আক্তার বলেন, আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল তার, সব প্রস্তুতি শেষ, অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মতিঝিল থানাকে জানানো হয়েছে। আহত পথচারী শাহজাহান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।