নর্থ সাউথ ইউনিভার্সিটিতে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘রবীন্দ্র ও নজরুল জয়ন্তী–২০২৬’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই মহান কবির জীবন, কর্ম ও সৃষ্টিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. এ. কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানের মূল আলোচনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, দর্শন ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন এনএসইউ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি রবীন্দ্রনাথের মানবতাবাদ, শিক্ষা-চিন্তা এবং বাংলা সাহিত্যের বিকাশে তাঁর অবদানের গুরুত্ব তুলে ধরেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাম্যবাদী চেতনা নিয়ে আলোচনা করেন নজরুল গবেষক, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জাকীর হোসেন। তিনি বলেন, নজরুলকে শুধু বিদ্রোহী কবি বলে বিশেষায়িত করা হয়। কিন্তু তাকে কেন বিদ্রোহী হতে হলো তা আমাদের জানতে হবে। তার বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িকতা এবং মানবমুক্তির বার্তা সমকালীন সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক।
প্রধান অতিথির বক্তব্যে জনাব এম. এ. কাশেম বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন শুধু বাংলা ভাষা ও সংস্কৃতির সম্পদ নয়, মানবতার সার্বজনীন মূল্যবোধেরও অনন্য উৎস। নতুন প্রজন্মের মধ্যে তাঁদের আদর্শ ও সৃষ্টিকর্মের চর্চা বৃদ্ধি করা সময়ের দাবি।
জনাব বেনজীর আহমেদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের আদর্শ, চিন্তা ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। আশা করি এনএসইউ’র ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সমৃদ্ধ ও বিকশিত হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের চিন্তা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁদের সাহিত্য ও দর্শন নিয়ে আরও গবেষণা ও চর্চা করতে হবে।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ।
আলোচনা সভার পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন ও এনএসইউ সিনে অ্যান্ড ড্রামা ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্র ও নজরুলের কবিতা, গান, নাটক এবং সাহিত্যকর্মভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।