কিউএস র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে ৪টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। শীর্ষ ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং–২০২৭ প্রকাশিত হয়।
বিশ্বসেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়ে এবারও দেশসেরা তালিকায় অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট (৭১১-৭২০)। তালিকায় সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিরও (৯০১-৯৫০) স্থান হয়েছে। দেশে বিশ্ববিদ্যালয়টির অবস্থান তৃতীয়। ২০২৬ সালের র্যাঙ্কিংয়েও এই তিনটি বিশ্ববিদ্যালয় সেরা এক হাজারের তালিকায় ছিল।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি, পঞ্চম স্থানে আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ৬ষ্ঠ স্থানেও আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
প্রতিবছর জুন মাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করে আসছে কিউএস। এবার র্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।