১০ জুন ২০২৬, ২২:৪৫

ইস্টার্ন ইউনিভার্সিটিতে কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত  © সংগৃহীত

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে `রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?: ফররুখের কাব্যলোকের অন্বেষণ' শীর্ষক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। সভায় কবির কাব্যসাধনা, জীবনদর্শন ও সাহিত্যিক উত্তরাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। এরপর কবি পরিচিতি পর্বে ফররুখ আহমদের জীবন ও সাহিত্যকর্মের একটি সংক্ষিপ্ত ও তথ্যসমৃদ্ধ রূপরেখা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও দৈনিক যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার। তিনি ফররুখ আহমদের কবিতায় মানবতাবাদ, মুসলিম পুনর্জাগরণের চেতনা এবং শিল্পসৌন্দর্যের বিভিন্ন দিক উন্মোচন করে বলেন, ‘কবি ফররুখ আহমদের রচনা শতবর্ষ পেরিয়েও আজও সমাদৃত ও প্রাসঙ্গিক। তার সাহিত্যকর্ম কেবল শিল্প সৃষ্টি নয়, বরং এটি নিপীড়িত ও বঞ্চিত মানুষের আত্মপরিচয় ও সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল।’ একই সঙ্গে তিনি কবির সাহিত্যকর্মের গভীরতা এবং এটি নিয়ে চলমান গবেষণা কার্যক্রমের ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক মো. শামসুল হুদা। তিনি কবির কাব্যচর্চার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, ফররুখ আহমদ মুসলিম রেনেসাঁ ও ইসলামী জাগরণের অন্যতম প্রধান পথপ্রদর্শক। তিনি নতুন প্রজন্মের কাছে কবির অসামান্য অবদান তুলে ধরার গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের ফররুখ আহমদের সাহিত্যকর্ম নিয়মিত পাঠ ও গবেষণায় উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক রফিউসসানের আহ্বান ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্লেসমেন্টের উপপরিচালক কে. এম. মনিরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা এবং সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটিতে কবি ফররুখ আহমদের কবিতা আবৃত্তি এবং তাঁর জীবন ও কর্মভিত্তিক একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।