৩১ মে ২০২৬, ২৩:৩৪

প্রাইম এশিয়ার ছাত্র পারভেজ হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

জাহিদুল ইসলাম পারভেজ  © ফাইল ফটো

রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ (২৩) হত্যা মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীসহ মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রবিবার (৩১ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা, বনানী থানার পুলিশ পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন। একইসঙ্গে তদন্তে অভিযোগের প্রমাণ না পাওয়ায় আরও আটজনকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিষয়টির মীমাংসার পর পারভেজ ক্ষমা চেয়েছিলেন। তবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই ছাত্রী ঐশী ও টিনার প্ররোচনার পরই পারভেজ হত্যার শিকার হন।

প্রসঙ্গত, গত বছরের ১৯ এপ্রিল ছুরিকাঘাতে নিহত হন পারভেজ। ঘটনায় জড়িত সবাই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ওইদিন রাতে বনানী থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।