২৪ মে ২০২৬, ১৩:১৩

স্কলার্স বিজনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্ল্যাগশিপ ডিবেট প্রতিযোগিতা

ফ্ল্যাগশিপ বিজনেস ডিবেট প্রতিযোগিতা  © সৌজন্যে প্রাপ্ত

ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থীদের সংগঠন স্কলার্স বিজনেস ক্লাবের আয়োজনে ফ্ল্যাগশিপ বিজনেস ডিবেট প্রতিযোগিতা ‘ArguVerse 2026’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রেজারার রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের এ খন্দকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান এস এম নাহিদুল ইসলাম, প্রভাষক ও ক্লাব অ্যাডভাইজর ফাহিম আহমদ এবং স্কলার্স বিজনেস ক্লাবের সভাপতি এস কে শাফিন হোসাইন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, গবেষণী দক্ষতা, যোগাযোগ সক্ষমতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো আয়োজনটি কয়েকটি ধাপে বিভক্ত ছিল।

উদ্বোধনী পর্ব ‘The Big Question’-এ ৩ বনাম ৩ ফরম্যাটে বিভিন্ন ব্যবসায়িক ইস্যুতে বিতর্ক অনুষ্ঠিত হয়। এ রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলো নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে গবেষণী দক্ষতা ও ব্যবসায়িক জ্ঞানের পরিচয় দেয়।

সেমিফাইনাল পর্ব ‘Rapid Motion’-এ নকআউট পদ্ধতিতে দলগুলোর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, দ্রুত রিবাটাল এবং সমন্বিত টিমওয়ার্ক মূল্যায়ন করা হয়।

গ্র্যান্ড ফিনাল ‘The Boardroom Showdown’-এ প্রতিযোগীদের করপোরেট বোর্ডরুমের আদলে সাজানো পরিবেশে বিভিন্ন নির্বাহী ভূমিকায় অংশ নিতে হয়। বাস্তবধর্মী ব্যবসায়িক পরিস্থিতির ওপর ভিত্তি করে তারা কৌশলগত সিদ্ধান্ত তৈরি করে বিচারকদের সামনে উপস্থাপন ও তা প্রতিরক্ষা করেন।

স্কলার্স বিজনেস ক্লাব জানায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বে গড়ে তুলতে তারা নিয়মিত ওয়ার্কশপ, প্রতিযোগিতা ও ক্যারিয়ারভিত্তিক বিভিন্ন আয়োজন করে থাকে। ‘Think. Act. Lead.’ স্লোগানকে সামনে রেখে ক্লাবটি অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা উন্নয়নে কাজ করছে।