২৩ মে ২০২৬, ১২:৪০

এডাস্টে জিওস্পেশাল ও মহাকাশ গবেষণা কেন্দ্রের উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের আশা

অত্যাধুনিক গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  © সৌজন্যে প্রাপ্ত

ভূ-অবস্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ, গ্রহবিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তি বিষয়ক গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)। বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক গবেষণা কেন্দ্র ‘এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস’।

শুক্রবার (২২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন সাবেক বিজ্ঞান ও তথ্য-যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। তার মতে, এই গবেষণা কেন্দ্রের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।

নবপ্রতিষ্ঠিত এই কেন্দ্র স্যাটেলাইট ডেটা ও ভৌগোলিক মানচিত্র বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ পূর্বাভাস, স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষি উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। তিনি জিওস্পেশাল প্রযুক্তি ও স্যাটেলাইট ডেটাভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেসের পরিচালক ড. মার্টিন ভ্যান ক্রানেনডক, উপ-পরিচালক ড. ক্যাটারিনা মিলকোভিক এবং পরিচালক (গবেষণা) ড. আশরাফ দেওয়ান। তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও আধুনিক প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষার গুরুত্ব নিয়ে মত দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য কামরুন নেহারসহ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কার্টিন ইউনিভার্সিটি ও এডাস্টের মধ্যে এই সহযোগিতা ভবিষ্যতে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।