পুকুরে গোসলে নেমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং রাজধানীর মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী সোপানের দাদা বাড়িতে বেড়াতে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন শিক্ষার্থী বাড়ির চারতলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরে গোসল করতে নামেন। সাতার না জানায় তারা এক পর্যায়ে পানিতে ডুবে যান।
নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী জানান, গোসলের একপর্যায়ে সাতার না জানা আজওয়াদ পা পিছলে পানিতে তলিয়ে যেতে থাকেন। তাকে উদ্ধার করতে গিয়ে সোপানও পানিতে ডুবে যান। পরে অন্য শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ঢাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।