নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং সেন্টার ফর লিগ্যাল রিসার্চ যৌথভাবে আন্ডারগ্র্যাজুয়েট ‘ল’ সিম্পোজিয়াম স্প্রিং ২০২৬ আয়োজন করেছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট কক্ষে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সিম্পোজিয়ামে মোট ১৫টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। প্রতিযোগিতামূলক এবং গবেষণাধর্মী এই সেমিনারে প্রথমে উপস্থাপকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন এবং এরপরের প্রশ্নোত্তর পর্বে বিচারকরা তাদেরকে তাদের গবেষণার বিভিন্ন বিষয়ে প্রশ্ন উপস্থাপন করেন।
উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন অনুষ্ঠানের বিচারক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সাহাল উদ্দীন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মাজিদ মোস্তফা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রভাষক সুমাইয়া ইসলাম রিতু।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞান এবং আইনের মূল একই সাথে সম্পর্কিত। একটি স্বচ্ছ সরকারি ব্যবস্থাপনার জন্য আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে সিম্পোজিয়ামের মতন গবেষণাধর্মী সেমিনারগুলো আইন শিক্ষার্থীদের আইন বিষয়ে আরো বেশী পারদর্শী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এবং আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। অধ্যাপক রিজওয়ানুল ইসলাম তরুণ গবেষকদের উপস্থাপনা ও গবেষণাপত্রে তাদের সাহসিকতা, পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেন।
তিনি আইন গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন যে, প্রত্যেক আইন পেশাজীবী, এমনকি আইনজীবীরাও কোনো না কোনোভাবে আইন গবেষণার সঙ্গে যুক্ত। তিনি আশা প্রকাশ করেন যে, তরুণ আইনমনস্কদের জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই উদ্যোগ ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে এবং আইন গবেষণা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অফিস অব রিসার্চের পরিচালক এবং দর্শন বিভাগের অধ্যাপক নরম্যান কে. সোয়াজো বলেন, দর্শন ও আইন অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং আইনের বিকাশ দর্শনের বিকাশের সঙ্গে সমান্তরালভাবে ঘটে। এমনকি প্রাচীনকাল থেকেই দর্শনশাস্ত্রের একটি লক্ষ ছিল আইনের সঠিক প্রয়োগ। সিম্পোজিয়ামের মতন অনুষ্ঠানগুলো আইন বিষয়ে শিক্ষার্থীদের আরো সচেতন করে তুলে।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ার (ভারপ্রাপ্ত) নাসমিন জাবিন নূর। তিনি বলেন, সিম্পোজিয়াম তরুণ গবেষকদের জন্য একটি অনন্য সুযোগ। প্রতিবছর সারা দেশ থেকে শিক্ষার্থীরা তাদের গবেষণা পত্র উপস্থাপনার মাধ্যমে তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে।
সিম্পোজিয়ামের চ্যাম্পিয়ন হন তালহা জুবায়ের। প্রথম রানার আপ হন মেহরাজুন সাকিন এবং প্রমা দেবনাথ। এবং দ্বিতীয় রানার আপ হন আবরার বিন সৌকত আলভি। এই সিম্পোজিয়াম শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা ও একাডেমিক আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।