১৫ মে ২০২৬, ১২:০২

তিন কারণে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নামের পাশে ইউজিসির লাল তারকা

ইইউবি লোগো   © টিডিসি ফটো

তিনটি গুরুতর অনিয়ম ও শর্ত লঙ্ঘনের কারণে রাজধানীর গাবতলীতে অবস্থিত ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) নামে পাশে তিন লাল তারকা (***) চিহ্ন বসিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর ফলে প্রতিষ্ঠানটিতে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কঠোর সতর্কবার্তা কার্যকর হলো।

বৃহস্পতিবার (১৪ মে) ইউজিসির পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমে বিদ্যমান একাধিক গুরুতর অনিয়ম ও আইনগত শর্ত পূরণে ব্যর্থতার কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, প্রধানত তিনটি কারণে বিশ্ববিদ্যালয়টির ওপর এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমত, প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) বা মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দ্ব ও মামলা এখনো আদালতে নিষ্পত্তি হয়নি, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

দ্বিতীয়ত, ইউজিসির নির্ধারিত আসন সংখ্যার বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে। এতে ভর্তি নীতিমালা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার লঙ্ঘন হয়েছে বলে মনে করছে কমিশন।

তৃতীয়ত, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও প্রতিষ্ঠানটি এখনো পর্যাপ্ত জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ব্যর্থ হয়েছে। বর্তমানে সীমিত ও অপ্রতুল জায়গায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় মানসম্মত শিক্ষার পরিবেশ নিয়েও উদ্বেগ রয়েছে।