১৪ মে ২০২৬, ১৩:৩২

দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাডিয়ান ইউনিভার্সিটির

দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ  © টিডিসি সম্পাদিত

গত ৭ মে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত ‘শীর্ষ চার পদই ফাঁকা, ভারপ্রাপ্ত বিওটি চেয়ারম্যানও— কানাডিয়ান ইউনিভার্সিটি প্রশাসনে লেজেগোবরে অবস্থা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এই প্রতিবাদলিপি পাঠানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২০১৬ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে এবং শিক্ষার গুণগত মান ও অবকাঠামোগত অবস্থানের কারণে অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়টি যথেষ্ট সুনাম অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রতিটি পদক্ষেপে উচ্চশিক্ষা পরিচালনায় বিদ্যমান সকল নীতিমালা নিয়মিত অনুসরণ করে আসছে।

এতে আরও বলা হয়, উপাচার্য এবং ট্রেজারার পদ সমূহের নিয়োগের ক্ষেত্রেও ইতোমধ্যে বিধিমোতাবেক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সার্টিফিকেট স্বাক্ষরের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এ সম্পর্কিত বিদ্যমান নিয়ম নীতি সর্বদা অনুসরণ করে আসছে। প্রকাশিত রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক কথিত যে ব্যক্তি তথ্য দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে, তা ভিত্তিহীন বলে বিশ্ববিদ্যালয় মনে করে।